বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৩

প্রবাসী আয়ে ঊর্ধ্বগতি, ফেব্রুয়ারির প্রথম ৯ দিনেই প্রবৃদ্ধি ৩২ শতাংশের বেশি

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

তথ্য অনুযায়ী, এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারির ১ থেকে ৯ তারিখ পর্যন্ত সময়ে প্রবাসী আয় ছিল ৮৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। সেই হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে প্রবাসী আয়ে মাসভিত্তিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩২ দশমিক ৩ শতাংশ। 

এছাড়া এককভাবে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি দেশে প্রবাসী আয় এসেছে ১০ কোটি মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৬ সাল পর্যন্ত সময়ে দেশে মোট প্রবাসী আয় এসেছে ২ হাজার ৫৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর বিপরীতে আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৫) প্রবাসী আয় ছিল ১ হাজার ৬৮১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

ফলে ২০২৫-২৬ অর্থবছরের চলতি সময় পর্যন্ত প্রবাসী আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২২ দশমিক ৩ শতাংশ, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।