বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৩

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির ফাউন্ডিং পার্টনার স্নেহাশীষ বড়ুয়া। ছবি: বাসস

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির ফাউন্ডিং পার্টনার স্নেহাশীষ বড়ুয়া।

আজ মঙ্গলবার ডিএসই’র ১১০৯তম পরিচালনা পর্ষদের সভায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৯ ফেব্রুয়ারি ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে তার নিয়োগ অনুমোদন দেয়।

স্নেহাশীষ বড়ুয়া বাংলাদেশের একজন অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আর্থিক ব্যবস্থাপনা, কর্পোরেট ফাইন্যান্স, অডিট ও অ্যাসিওরেন্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ট্যাক্সেশন, বাজেট প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কর্পোরেট গভর্ন্যান্স হিসেবে তার পেশাগত অভিজ্ঞতা রয়েছে। 

পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশের বিভিন্ন কর্পোরেট ও পেশাদার প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং (ইউএইচওয়াই ইন্টারন্যাশনাল)- এ পার্টনার এবং রহমান রহমান হক (কেপিএমজি ইন্টারন্যাশনাল)-এ সিনিয়র ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া গ্রামীণফোন লিমিটেড ও রবি এক্সিয়াটা লিমিটেডে ইন্টারনাল অডিট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিশেষায়িত অভিজ্ঞতা অর্জন করেন।

পর্ষদের সভায় নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, স্নেহাশীষ বড়ুয়া দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দুই দশকেরও বেশি সময় ধরে অর্থনীতি, হিসাবনিরীক্ষণ ও কর্পোরেট নেতৃত্বে সুপরিচিত ও সম্মানিত পেশাজীবী। তার অভিজ্ঞতা ও নীতিনিষ্ঠ নেতৃত্ব ডিএসই’র কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ আশা প্রকাশ করেছে, স্বতন্ত্র পরিচালক হিসেবে স্নেহাশীষ বড়ুয়ার দক্ষতা ও অভিজ্ঞতা দেশের পুঁজিবাজারে আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও সুশাসন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।