শিরোনাম

দিনাজপুর, ১০ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর ১১ ফেব্রুয়ারি থেকে ৩ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় দিনাজপুর হিলি স্থল বন্দর আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি জেলার হিলি বন্দর দিয়ে সকল ধরনের আমদানী-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৪ ফেব্রুয়ারি শনিবার থেকে পুনরায় এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম চালু হবে।
হিলি স্থলবন্দর পানামা পোর্ট লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহমান বাসসকে জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দু'দিন এবং ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সাপ্তাহিক ছুটিসহ ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন বন্ধ থাকবে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত।
এছাড়া, অন্যান্য দিনের ন্যায় পুর্বের মতোই পাসপোর্টধারী যাত্রীদের এ স্থলবন্দর দিয়ে যাতায়াত কার্যক্রম চালু থাকবে।