বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৪

ব্যবসার পরিবেশ উন্নয়নে ন্যায্যতা ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ

ছবি : বাসস

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): এলডিসি উত্তরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা অর্জনের জন্য দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি পর্যায়ে ন্যায্যতা ও নৈতিকতার চর্চা নিশ্চিতকরণসহ নীতি ও কাঠামোগত সংস্কার জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।

আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ: নৈতিক চর্চার ইস্যু ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব মতামত উঠে আসে। 

দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) যৌথভাবে এ সভা আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। 

তিনি বলেন, সফলভাবে এলডিসি উত্তরণ এবং টেকসই অর্থনীতি গড়ে তুলতে হলে ‘বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাস এবং সরকারি সংস্থাগুলোর সেবার মান ও কার্যগত গতি বৃদ্ধি করতে হবে। তিনি সেবা প্রদানের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের মধ্যে নৈতিকতার চর্চা প্রতিষ্ঠার ওপর জোর দেন।

ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম উদ্যোক্তাদের লাইসেন্স প্রাপ্তি, নবায়ন, নিবন্ধন, কাস্টমসসহ বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা ও প্রতিবন্ধকতার একটি সার্বিক চিত্রও উপস্থাপন করেন।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হলে সরকারি এজেন্সিগুলোর কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। এ লক্ষ্যে ডিজিটালাইজেশন, অটোমেশন এবং সিঙ্গল উইন্ডো ব্যবস্থা বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন তাঁরা।

আইবিএফবি’র পরিচালক এম এস সিদ্দিকী বলেন, অনেক ক্ষেত্রে সরকার কর্তৃক প্রণীত আইন ও বিধিমালা ব্যবসা সহজীকরণ নীতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে, যা বিনিয়োগকে নিরুৎসাহিত করে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম বলেন, সরকারি দপ্তরগুলোর পদ্ধতিগত কিছু জটিলতা রয়েছে। তবে সেগুলো সহজীকরণের যথেষ্ট সুযোগও আছে। সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দাখিলের জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার একটি জটিল প্রক্রিয়া হলেও অন্তর্র্বর্তী সরকার ইতোমধ্যে বেশকিছু সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে। তবে এখন আচরণগত সংস্কার নিশ্চিত করাই সবচেয়ে বেশি জরুরি।

সভায় স্বাগত বক্তব্যে আইবিএফবি’র সভাপতি লুৎফুন্নিসা সাউদিয়া খান বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে নৈতিক ব্যবসায়িক চর্চা অপরিহার্য। উদ্যোক্তারা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছেন, তা কেবল আইন দিয়ে সমাধান করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা, উন্মুক্ত সংলাপ এবং অংশীদারিত্বমূলক দায়বদ্ধতা।

সমাপনী বক্তব্যে এফবিসিসিআই-এর প্রশাসক মো. আবদুর রহিম খান বলেন, ব্যবসার পরিবেশ সহজীকরণে বেসরকারি খাত থেকে যেসব সুপারিশ উঠে এসেছে, সেগুলো এফবিসিসিআই-এর পক্ষ থেকে সরকারের কাছে উপস্থাপন করা হবে। একই সঙ্গে তিনি উদ্যোক্তাদের ন্যায্য মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক, নৈতিক ও মানবিক দায়বদ্ধতা পালনের এবং দুর্নীতির বিরুদ্ধে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালকবৃন্দ, সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, এফবিসিসিআই-এর মহাসচিব মো. আলমগীর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মোঃ জাফর ইকবাল এনডিসি, এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহিদউল্লাহ, আইবিএফবি’র নেতৃবৃন্দ এবং বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ।