শিরোনাম

ঢাকা, ২১ আগস্ট ২০২৬ (বাসস) : দুই নতুন মুখ নিয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। প্রথমবারের মতো লঙ্কান টেস্ট দলে ডাক পেয়েছেন ব্যাটার কামিল মিশারা ও ব্যাটিং অলরাউন্ডার সাহান আরাচ্চিগে।
আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে মিশারা ও আরাচ্চিগের। শ্রীলংকার হয়ে ৬ ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিশারা। আরাচ্চিগে দেশের জার্সিতে ৫ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন মিশারা। সর্বশেষ লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ১০ ইনিংসে ৪১১ রান করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে ৩৫২১ রান করেন মিশারা।
৯টি সেঞ্চুরির সাথে ১৫টি হাফ-সেঞ্চুরি আছে তার। দ্বিতীয় টেস্টে লাহিরু উদারার সাথে শ্রীলংকার ইনিংস উদ্বোধন করতে পারেন তিনি। কারণ প্রথম টেস্টের দুই ইনিংসে ব্যাট হাতে হতাশ করেছেন নিশান ফার্নান্দো। মাত্র ৬ রান করেন তিনি।
গত মাসে ভারত ‘এ’ দলের বিপক্ষে শ্রীলংকা ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছেন ৩০ বছর বয়সি আরাচ্চিগে। ঐ সিরিজে ১টি সেঞ্চুরিতে দলের হয়ে সর্বোচ্চ ২০৯ রান করেন তিনি। এছাড়া সর্বশেষ এলপিএলে ১০ ইনিংসে ২৪০ রান করেছেন আরাচ্চিগে।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৫ ম্যাচ খেলেছেন আরাচ্চিগে। ব্যাট হাতে ৯ শতক ও ২৭টি অর্ধশতকে ৪৩৬৫ রান ও ৬৩ উইকেট শিকার করেছেন তিনি। প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন নিশান মাদুশকা, রমেশ মেন্ডিস ও দিলশান মাদুশাঙ্কা। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় টেস্ট দলে সুযোগ পাননি কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা।
প্রথম টেস্টের চতুর্থ দিন ঘাড়ে ও কাঁধে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান দীনেশ চান্ডিমাল। তার জায়গায় ঐ টেস্টের বাকী অংশে কনকাশন বদলি হয়ে খেলেন পাসিন্দু সুরিয়াবান্দারা।
দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ থাকলেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, কনকাশন হলে পরবর্তী সাত দিনে কোনো ম্যাচ খেলা যায় না। আগামী ২৩ আগস্ট থেকে কলম্বোয় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলংকার দল : ধনানঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), লাহিরু উদারা, কামিল মিশারা, পাসিন্দু সুরিয়াবান্দারা, সাহান আরাচ্চিগে, সোনাল দিনুশা, নিরোশান ডিকবেলা, কেশরা নুয়ান্থা, প্রভাথ জয়সুরিয়া, মিলান রত্নানায়েকে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো।