বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৭

অধিনায়ক একা কখনো দল জেতাতে পারেনা: সালমান

করাচি, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (বাসস) : ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক করলেও, বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে না বলে মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাট। 
চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লিগে পর্বে ৮ ম্যাচের  সবগুলোতেই হেরেছে করাচি কিংস। করাচির অধিনায়ক পাকিস্তানের বর্তমান নেতা বাবর আজম। করাচির এমন ভরাডুবির জন্য পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা বাবরের দিকেই আঙ্গুল তুলেছেন। অধিনায়ক হিসেবে বাবরের সমালোচনা করছেন তারা। 
তবে বাবরের পাশে দাঁড়ালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ম্যাচ ফিক্সিংয়ের দায়ে  ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া সালমান। বাবরের পক্ষে গীত গাইতে গিয়ে বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করেছেন সালমান। 
তার মতে, যদি দল খারাপ হয় তবে ধোনি-রিকি পন্টিংকে অধিনায়ক করলেও, বাংলাদেশ বিশ^ চ্যাম্পিয়ন হবে না। করাচি কিংস দল হিসেবে মোটেও ভালো নয়, তাদের দলে ভারসাম্য নেই। তাই এই দল নিয়ে অধিনায়ক হিসেবে বাবরের কিছু করারও নেই।
পাকিস্তানের সংবাদ মাধ্যমকে সালমান বলেন, ‘আমি সেটা মনে করি না (বাবরের ব্যর্থতা)। সে পাকিস্তানেরও অধিনায়ক। আপনি যদি ধোনি বা পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক করেন, তাহলেও তো তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে না। পরিবর্তন আনতে হলে  অবশ্যই ধৈর্য ধরতে হবে।’
তিনি আরও বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনার স্কোয়াডে যদি সঠিক ভারসাম্য না থাকে, আপনি অনেক কিছু করতে পারবেন না। বাবরের সাথে যারা খেলে তাদেরকে টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে পাওয়া গেছে। আপনার দলে বিশেষজ্ঞও নেই। তাই আপনি কতোটা ভালো পরিকল্পনা করেন, সেটা বড় বিষয় নয়।’
২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে দশ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ৩৭ বছর বয়সী বাট।