শিরোনাম

ঢাকা, ৫ মার্চ ২০২৬ (বাসস) : আগামী ৮-১১ এপ্রিল ভারতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান রিজিওনাল ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জুনিয়র টেবিল টেনিস দলের আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। সাভারের বিকেএসপিতে শুরু হওয়া এই ক্যাম্পে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বালক-বালিকা
বিভাগের ১৬ জন খেলোয়াড়ের মধ্যে ইতোমধ্যে ১৫ জন যোগ দিয়েছে।
অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে রয়েছেন : মো: নাফিজ ইকবাল, আবুল হাসেম হাসিব, তাহমিদুর রহমান সাকিব ও মো: জয় ইসলাম। অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগে খেলবেন দেশের ১ নং খেলোয়াড় খই খই সাই মারমা, রেশমী তঞ্চংগ্যা, ঐশী রহমান ও নুসরাত জাহান অনন্যা। অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে রয়েছেন মো: শাহীন আহম্মেদ, মো: মৃদুল রহমান, তামজিদুল ইসলাম পরশ ও মো: রাব্বী ইসলাম। অনূর্ধ্ব-১৫ বালিকা বিভাগে আছেন জান্নাত ইসলাম রোজা, মোছা: রাফিয়া চৌধুরী, মোছা: জান্নাতুল রোজা ও সাবিহা আক্তার পাপিয়া।
বিকেএসপির টেবিল টেনিস বিভাগের প্রধান কোচ খন্দকার আল মোস্তফা বিল্লাহর নেতৃত্বে বাংলাদেশ দলের কোচিংয়ের দায়িত্বে থাকবেন বিকেএসপির কোচ ধনঞ্জয় শীল তীর্থ এবং আইটিটিএফ লেভেল-২ কোচ রিগ্যান বড়ুয়া। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ও সাবেক জাতীয় মহিলা চ্যাম্পিয়ন তাহমিনা তারমিন বিনু।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ মাকসুদ আহমেদ সনেট জানান, এশিয়ান টেবিল টেনিস ইউনিয়ন থেকে আনুষ্ঠানিক প্রসপেক্টাস পাওয়ার আগেই প্রাথমিক দল গঠন করে ৩৩ দিনের আবাসিক ক্যাম্প শুরু করেছি। পারফরম্যান্সের ভিত্তিতে শেষ পর্বে ১২ জনের চূড়ান্ত দল নির্ধারণ করা হবে। স্পন্সর পাওয়া গেলে অতিরিক্ত চারজন স্ট্যান্ডবাই খেলোয়াড়কেও সঙ্গে নেয়ার চেষ্টা থাকবে।
টিম ম্যানেজার তাহমিনা তারমিন বিনু বলেন, সীমিত সময়ের প্রস্তুতি হওয়ায় ক্যাম্পে ঈদের ছুটি বাতিল করা হয়েছে এবং জাতীয় স্বার্থে খেলোয়াড়রা সকাল, বিকাল এবং রাত তিন বেলা নিবিড় অনুশীলন চালিয়ে যাবে।
আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশ ভালো ফল অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।