বাসস
  ০৫ মার্চ ২০২৬, ২০:৪৬

‘আমি বাড়ি ফিরতে চাই’- স্যামি

ফাইল ছবি

ঢাকা, ৫ মার্চ ২০২৬ (বাসস) : গত পহেলা মার্চ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। চারদিন কেটে গেলেও, এখনও দেশে ফিরতে পারেনি ক্যারিবীয়রা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ভারতে আটকা পড়েছে তারা। 

দেশে ফিরতে তড় সইছে না ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দলের খেলোয়াড়দের। এরমধ্যে আছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামিও। তাই বাধ্য হয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে দেশের ফেরার আকুতি জানিয়েছেন স্যামি। 

পোস্টে স্যামি লিখেছেন, ‘আমি কেবল বাড়ি ফিরতে চাই।’

গত শনিবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করে ইরান। এতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।

বিশ্বকাপের গ্রুপ পর্বে চার ম্যাচের সবগুলোতে জিতে সুপার এইটে উঠে ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটে তিন ম্যাচের ১টিতে জয় ও ২টিতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ক্যারিবীয়রা।