শিরোনাম

ঢাকা, ৫ মাচর্, ২০২৬ (বাসস) : বুধবার ব্রাইটনের মাঠে ১-০ গোলে জয়ী হয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে আর্সেনাল। একই রাতে ম্যানচেস্টার সিটি ২-২ গোলে ড্র করেছে নটিংহ্যাম ফরেস্টের সাথে। এই ড্রয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান বেড়ে হয়েছে সাত পয়েন্ট।
২০০৪ সালের পর প্রথম লিগ শিরোপার পথে এগিয়ে থাকা আর্সেনাল ব্রাইটনের এ্যামেক্স স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায়। নিজের ৩০০তম ম্যাচে গোল করেন বুকায়ো সাকা। তার শটটি কার্লোস বালেবার গায়ে লেগে দিক বদল করে গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের পায়ের ফাঁক দিয়ে জালে ঢুকে যায়।
ব্রাইটন বল দখলে এগিয়ে থাকলেও আর্সেনালের রক্ষনভাগ ছিল অপ্রতিরোধ্য। গানার্স বস মিকেল আর্তেতা বলেন, “গত কয়েক সপ্তাহের পর এটি খুব কঠিন ম্যাচ ছিল। ছেলেরা অসাধারণ পরিশ্রম করেছে।”
অন্যদিকে, এক ম্যাচ কম খেলা সিটি দু’বার এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি। জানুয়ারিতে দলে যোগ দেওয়া আঁতোয়ান সেমেনিও প্রথমার্ধে সিটিকে এগিয়ে নেন। কিন্তু মর্গান গিবস-হোয়াইট ৫৬ মিনিটে চমৎকার ব্যাকহিল গোলে সমতা ফেরান।
ছয় মিনিট পর রায়ান আইত-নুরির কর্নার থেকে রদ্রি হেডে আবার সিটিকে এগিয়ে দিলেও এলিয়ট অ্যান্ডারসনের দুর্দান্ত ফিনিশে ফরেস্ট সমতা ফেরায়। সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, “এখনও অনেক ম্যাচ বাকি। আমরা পরের ম্যাচ নিয়েই ভাবছি।”
ম্যানচেস্টার ইউনাইটেডের এর অন্তর্বর্তী কোচ হিসেবে দুই দফায় দায়িত্ব পালন করা মাইকেল ক্যারিক প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছেন। সেন্ট জেমস’ পার্কে নিউক্যাসল ইউনাইটেড ২-১ গোলে হারায় ইউনাইটেডকে।
১০ জন নিয়ে খেলেও অ্যান্থনি গর্ডনের পেনাল্টি গোলে নিউক্যাসল এগিয়ে যায়। ক্যাসেমিরো হেডে সমতা ফেরালেও শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় উইলিয়াম ওসুলার দুর্দান্ত গোলে নিউক্যাসলের জয় নিশ্চিত হয়।
দিনের অন্য ম্যাচে চেলসি ৪-১ গোলে এ্যাস্টন ভিলাকে পরাজিত করেছে। ম্যাচে হ্যাটট্রিক করেন হুয়াও পেড্রো।
এই জয়ে চেলসি উঠে এসেছে পঞ্চম স্থানে, আর লিভারপুল নেমে গেছে ষষ্ঠ স্থানে।
এদিকে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ১-০ গোলে ফুলহ্যামকে হারিয়ে ফরেস্টের সমান ২৮ পয়েন্টে পৌঁছেছে। ফরেস্ট ও ওয়েস্ট হ্যাম এখন ১৬তম স্থানে থাকা টটেনহ্যামের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে।