শিরোনাম

ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইট পর্ব শুরু করতে চায় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। আগামীকাল সুপার এইটে গ্রুপ-১এ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। মুম্বাইয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে দু’দল।
‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে ওয়েস্ট ইন্ডিজ। ৪ ম্যাচ খেলে সবগুলো জিতে পূর্ণ ৮ পয়েন্ট পায় ক্যারিবীয়রা। গ্রুপ পর্বে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইতালি ও নেপালকে হারায় তারা।
গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স করেছেন অধিনায়ক শাই হোপ ও জেসন হোল্ডার-শামার জোসেফ-গুদাকেশ মোটি ও রোমারিও শেফার্ড। দলের হয়ে ২টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ১৫৫ রান করেন হোপ।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের হয়ে আরও দুই ব্যাটার ১শর বেশি রান করেছেন। ১টি করে হাফ-সেঞ্চুরিতে শেরফানে রাদারফোর্ড ১২৬ ও শিমরোন হেটমায়ার ১৩৪ রান করেন।
ব্যাটারদের চাইতে গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ বোলাররা সবচেয়ে বেশি সফল ছিলেন। ৪ ম্যাচে ৭টি করে উইকেট নিয়েছেন হোল্ডার ও জোসেফ। পাশাপাশি স্পিনার মোটি ও শেফার্ড হ্যাটট্রিকসহ ৬টি করে উইকেট নেন। কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন শেফার্ড।
সুপার এইট পর্বে দলের কাছ থেকে আরও ভাল পারফমেন্স আশা করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ। তিনি বলেন, ‘সুপার এইটে দল দারুণ পারফরমেন্স করেছে। চার ম্যাচের চারটিতেই জিতেছি আমরা। ব্যাটারদের চেয়ে বোলাররাই বেশি সাফল্য পেয়েছে। আশা করছি, সুপার এইটেও সতীর্থরা নিজেদের পারফরমেন্স অ্যাবহত রাখবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে সর্তক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ। তিনি বলেন, ‘গ্রুপ চ্যাম্পিয়স হয়েই সুপার এইটে এসেছে জিম্বাবুয়ে। ভাল ক্রিকেট না খেললে, প্রথম রাউন্ড থেকে সুপার এইটে আশা কঠিন। তাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে আমাদের সর্তক থাকতে হবে এবং নিজেদের পরিকল্পনাগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে।’
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটের টিকিট পায় জিম্বাবুয়েও। ‘বি’ গ্রুপে ৪ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ১টি ম্যাচ পরিত্যক্তের কারণে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল তারা। গ্রুপ পর্ব ওমান, অস্ট্রেলিয়া ও শ্রীলংকার বিপক্ষে জয় পায় জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে ১ পয়েন্ট পায় জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে জিম্বাবুয়েকে দ্বিতীয়বারের মত প্রথম পর্বের বাঁধা টপকাতে বড় অবদান রাখেন ওপেনার ব্রায়ান বেনেট, দুই পেসার ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স। ২টি করে হাফ-সেঞ্চুরিতে বেনেট ১৭৫ রান করেন। বল হাতে মুজারাবানি ৯টি ও ইভান্স ৮ উইকেট নেন।
গ্রুপ পর্বের মত সুপার এইটেও নিজেদের সেরা পারফরমেন্স করতে মুখিয়ে আছে জিম্বাবুয়ে। দলের অধিনায়ক সিকান্দার রাজা বলেন, ‘গ্রুপ পর্বের পারফরমেন্স এখন অতীত। তবে গ্রুপ পর্বের অভিজ্ঞতা সুপার এইটে ভাল কাজে লাগবে ও দলকে ভাল খেলতে উজ্জীবিত করবে। আশা করি, জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করতে পারব। তবে কাজটি সহজ হবে না। ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল। তারাও গ্রুপ পর্বে ভাল ক্রিকেট খেলেছে। তবে আমরা প্রস্তুত, যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৪বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এরমধ্যে মাত্র ১টিতে জিতেছে জিম্বাবুয়ে। বাকী তিন ম্যাচেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, রোস্টন চেইস, জেসন হোল্ডার, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, কুয়েন্টিন স্যাম্পসন, আকিল হোসেন, গুডাকেশ মোটি, শামার জোসেফ, জেইডেন সিলেস, ম্যাথু ফোর্ড।
জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাডলি ইভান্স, ক্লাইভ মাদান্ডে, টিনোটেন্ডা মাপোসা, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, টাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেইলর।