বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১১

৫ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ইমন

ছবি : সংগৃহীত

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : গতকাল আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ষোড়শ আসরে সুপার সিক্সে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ ওভারে ২৪ রানে ৫ উইকেট নেন বাংলাদেশের ডান-হাতি পেসার ইকবাল হোসেন ইমন।

যুব ওয়ানডেতে এই নিয়ে তৃতীবার ইনিংসে ৫ বা ততোধিক উইকেট শিকার করলেন ইমন। যুব ওয়ানডেতে বাংলাদেশ বোলারদের মধ্যে যা যৌথভাবে সর্বোচ্চ। বাঁ-হাতি স্পিনার সালেহ আহমেদ শাওনও যুব ওয়ানডেতে ইনিংসে ৩বার পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছিলেন। এবার শাওনের রেকর্ড স্পর্শ করলেন ইমন।

যুব ওয়ানডে ক্যারিয়ারে শাওন ৪০ ম্যাচে মোট ৭৬ উইকেট শিকার করেছেন। ইমনের শিকার ৫৫ ম্যাচে ৮৯ উইকেট।

বাংলাদেশের বোলারদের মধ্যে যুব ওয়ানডেতে দু’বার করে ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন আবু হায়দার, আবুল হাসান, আল ফাহাদ ও সঞ্জিত সাহা।

এবারের বিশ্বকাপের সুপার সিক্স থেকে মিশন শেষ করেছে বাংলাদেশ যুব দল। গ্রুপ পর্ব থেকে যোগ হওয়া ২ ও সুপার সিক্সের ২ ম্যাচ মিলিয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ছিল তারা। সেমিফাইনালে খেলতে হলে সুপার সিক্সের পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে হত বাংলাদেশকে।

সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও জিম্বাবুয়েকে ৭৪ রানে হারায় বাংলাদেশ।

এর মাধ্যমে ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবার পর টানা তিন আসরের সেমিফাইনালের গন্ডি টপকাতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।