বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৯

হোয়াইটওয়াশ এড়াল ওয়েস্ট ইন্ডিজ

ছবি : সংগৃহীত

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : তৃতীয় ও শেষ ম্যাচ বৃষ্টি আইনে ৬ রানে জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়াল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৯ ও ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজ ২-১ ব্যবধানে জিতল প্রোটিয়ারা।

জোহানেসবার্গে বৃষ্টির কারণে গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ নির্ধারিত সময় শুরু হতে পারেনি। তাই ম্যাচটি ১৬ ওভারে নির্ধারিত হয়। পরবর্তীতে খেলা শুরু হলে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ ওভারে ১ উইকেটে ৬৬ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। আবারও বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে ম্যাচটি ১০ ওভারে নেমে আসে।

এরপর নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ১১৪ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জনসন চার্লস খালি হাতে ফিরলে দ্বিতীয় উইকেটে ৪১ বলে ৮৬ রানের জুটি গড়েন অধিনায়ক শাই হোপ ও শিমরোন হেটমায়ার। হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দু’জনই ৪৮ রানে থামেন।

হোপ ২৫ বল খেলে ৩টি চার ও ৪টি ছক্কা এবং হেটমায়ার ২২ বলে ১টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি হাঁকান। এছাড়া রোভম্যান পাওয়েল ২টি ছক্কায় ৭ বলে ১৩ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজ ১১৪ রান করলেও, বৃষ্টি আইনে ১০ ওভারে ১২৫ রানের টার্গেট পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে দ্বিতীয় ওভারে অধিনায়ক আইডেন মার্করামকে ব্যক্তিগত ২ রানে হারায় দক্ষিণ আফ্রিকা।

এরপর কুইন্টন ডি ককের ১৪ বলে ২৮, ডেওয়াল্ড ব্রেভিসের ১০ বলে ১৭, রায়ান রিকেলটনের ৭ বলে ১৫ ও জিওর্জি লিন্ডের ৯ বলে ১৭ রানে জয়ের লড়াইয়ে টিকে থাকে দক্ষিণ আফ্রিকা।

শেষ ২ ওভারে জয়ের জন্য ২৭ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। নবম ওভারে ১১ রান পায় প্রোটিয়ারা। শেষ ওভারে ১৬ রান তুলতে ব্যর্থ হওয়ায় হার বরণ করে নেয় স্বাগতিকরা। ১০ ওভারে ৬ উইকেটে ১১৮ রানে থামে তারা।

শেষ দিকে জেসন স্মিথের ১০ বলে ২৬ ও ট্রিস্টান স্টাবসের ৫ বলে ১০ রানও দক্ষিণ আফ্রিকার পরাজয় রুখতে পারেনি।

ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মোতি ২ ওভারে ১৭ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন। ১টি সেঞ্চুরিতে মোট ১৪৩ রান করে সিরিজ সেরা হন দক্ষিণ আফ্রিকার ডি কক।