বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৩

অধিনায়ক মেইগনানের সাথে চুক্তি নবায়ন করলো এসি মিলান

ছবি : সংগৃহীত

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : অধিনায়ক ও ফ্রান্সের গোলরক্ষক মাইক মেইগনানের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছে এসি মিলান। নতুন চুক্তি অনুযায়ী তিনি ২০৩১ সাল পর্যন্ত সান সিরোতেই থাকবেন। শনিবার ইতালির সিরি-আ’র এই জায়ান্ট ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে।

ইতালিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, মিলান মেইগনানের বার্ষিক বেতন প্রায় দ্বিগুণ বৃদ্ধি করে পাঁচ মিলিয়ন ইউরো করেছে, যাতে করে দলের অধিনায়ককে ক্লাবেই রাখা যায়।

বর্তমানে সিরি-আ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মিলান এক বিবৃতিতে জানায়, “এসি মিলান আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে মাইক মেইগনানের সাথে চুক্তি ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।”

মেইগনান জানান, ২০২৫ সালের মে মাসে মিলানে যোগ দেওয়া কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির সঙ্গে কাজ করাটা তিনি দারুণ উপভোগ করছেন। গত ডিসেম্বরে মেইগনান এ সম্পর্কে বলেছিলেন, ‘তিনি অভিজ্ঞ ও শান্ত স্বভাবের। গোলরক্ষকদের একটি দল কীভাবে সামলাতে হয় সেটা তিনি জানেন। এভাবে কাজ করা অনেক সহজ। আমি তুলনা করতে চাই না, তবে আমাদের বোঝাপড়া ভালো এবং তিনি জানেন আমাকে কীভাবে সামলাতে হয়।’

নতুন এই চুক্তি এসেছে এমন এক সময়ে, যখন ৩০ বছর বয়সী মেইগনান আবারও নিজের সেরা ছন্দে ফিরেছেন।

কয়েক মাস আগেও মনে হচ্ছিল, চলতি মৌসুম শেষে তার চুক্তির মেয়াদ শেষ হলে তিনি ক্লাব ছাড়বেন। বাজে পারফরম্যান্স ও একাধিক চোটের কারণে মিলান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে দূরত্ব তৈরি হয়েছিল।

২০২২ সালে মিলানের সর্বশেষ লিগ শিরোপাজয়ী দলের একমাত্র অবশিষ্ট তারকা হিসেবে, গত মৌসুমে সাতবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন ক্লাবটি সিরি-আ’তে অষ্টম হয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা না পাওয়ায় মেইগনানের লাল-কালো অধ্যায় শেষ হয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছিল।

কিন্তু এখন মেইগনান আবারও সেরা ফর্মে ফিরেছেন। লিগ শিরোপা লড়াইয়ে মিলান সপ্তাহান্তে শীর্ষ দল ও নগর প্রতিদ্বন্দ্বী ইন্টারের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে ছিল।

২২টি লিগ ম্যাচে মিলান হজম করেছে মাত্র ১৭ গোল। মেইগনানের নামের পাশে রয়েছে নয়টি ক্লিন শিট এবং দুটি পেনাল্টি সেভ।

মঙ্গলবার আলেগ্রির দল বোলোনিয়ার মুখোমুখি হবে।