বাসস
  ১০ জানুয়ারি ২০২২, ১৮:০৬

বাসস ক্রীড়া-১৫ : ৫০ গজ দূর থেকে কোরেয়ার গোল, ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করল অ্যাটলেটিকো

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-লা লিগা-স্পেন-অ্যাটলেটিকো
৫০ গজ দূর থেকে কোরেয়ার গোল, ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করল অ্যাটলেটিকো
মাদ্রিদ, ১০ জানুয়ারি, ২০২২ (বাসস/এএফপি): প্রতিপক্ষের সীমানায় ঢুকেই প্রায় মাঝমাঠ থেকে শটের সাহায্যে অসাধারণ এক গোল করলেন এ্যাঞ্জেল কোরেয়া। তবে রোববার লা সিরামিকায় অনুষ্ঠিত লা লিগার ম্যাচে ওই গোলের সুবিধা আদায় করতে পারেনি অ্যাটলেটিকো। ফের লড়াইয়ে ফিরে ভিয়ারিয়াল ২-২ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে।
কোরেয়ার আচমকা শটের গোলে ম্যাচের শুরুতেই লিড পেয়েছিল অ্যাটলেটিকো। তার দূরপাল্লার শটের বল ভিয়ারিয়ালের গোলরক্ষক জেরোনিমো রুলিকে বোকা বানিয়ে আশ্রয় নেয় জালে। তবে দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো। ২৯ মিনিটে পাউ টেরেসের গোলে সমতায় ফেরা স্বাগতিক ভিয়ারিয়াল দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় আলবার্তো মোরেনোর ৫৮তম মিনিটে দেয়া গোলে। ম্যাচের ৬৭ তম মিনিটে জিওফ্রে কন্ডোগবিয়া গোলটি পরিশোধ করে সমতায় ফিরিয়ে আনেন অ্যাটলেটিকো মাদ্রিদকে। ইনজুরি টাইমে অবশ্য দ্বিতীয় হলুদকার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই মিডফিল্ডারকে। ম্যাচে ভিয়ারিয়ালের হয়ে জেরার্ড মোরেনো পেনাল্টি থেকে গোল মিস না করলে হয়তো অন্য রকম হতো ফলাফল।
আসরে সপ্তম গোলের দেখা পেলেন কোরেয়া।  সম্ভবত তার গোলটি মৌসুম সেরা গোলের  প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারে। আর্জেন্টাইন সতীর্থ রুলি প্রসঙ্গে কোরেয়া বলেন,‘ আমি রুলিকে বেশ ভালোভাবেই জানি। সে পোস্ট থেকে কিছুটা দূরেই থাকে। ভাবলাম এই সুযোগটা কাজে লাগাতে পারলে মন্দ হয়না।’  
অ্যাটলেটিকোর প্রধান কোচ দিয়েগো সিমিওনে বলেন,‘ এটি ছিল অসাধারণ একটি গোল। যেটি মৌসুম সেরার খেতাব পেতে পারে।’
ড্র করলেও ম্যাচ শেষে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে ফিরেছে অ্যাটলেটিকো। সমান পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে রিয়াল সোসিয়েদাদ। তাদের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে আছে টেবিল টপার রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়াল অবস্থান করছে তালিকার অস্টম অবস্থানে। তবে শীর্ষ চারের সঙ্গে তাদের ব্যবধান মাত্র ৪ পয়েন্টের।
এর আগে অনুষ্ঠিত লা লিগার আরেক ম্যাচে সেভিয়া ১-০ গোলে গেটাফের বিপক্ষে জয় নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে। বর্তমানে তারা ৫ পয়েন্টে পিছিয়ে আছে রিয়ালের চেয়ে। তালিকার তৃতীয় অবস্থানে থাকা রিয়াল বেতিস ১-১ গোলে ড্র করেছে রায়ো ভায়েকানোর সঙ্গে।
এছাড়া ওসাসুনা ২-০ গোলে জয় পেয়েছে কাডিজের বিপক্ষে। আর গোলশুন্য ড্র করেছে আলাভেস ও অ্যাথলেটিক ক্লাব।
বাসস/এএফপি/এমএইচসি/১৭৪৮/স্বব