বাসস
  ০৯ জানুয়ারি ২০২২, ১৫:৫৪

বাসস ক্রীড়া-২ : চেস্টারফিল্ডকে উড়িয়ে দিল চেলসি

বাসস ক্রীড়া-২
ফুটবল-এফএ কাপ
চেস্টারফিল্ডকে উড়িয়ে দিল চেলসি
লন্ডন, ৯ জানুয়ারি, ২০২২ (বাসস) : প্রথম ৪০ মিনিটে চার গোল করা চেলসি এফএ কাপে শনিবার চেস্টারফিল্ডকে ৫-১ ব্যবধানে  উড়িয়ে দিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে। দিনের আরেক ম্যাচে অতিরিক্ত সময়ে হালকে ৩-২ গোলে পরাজিত করে রাফায়েল বেনিতেজের এভারটন কষ্টার্জিত জয় তুলে নিয়েছে। তবে তৃতীয় টায়ারের দল ক্যামব্রীজের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে মৌসুমে আরো একবার ধাক্কা খেয়েছে নিউক্যাসল। লিগের বাইরে থাকা দুই দল কিডারমিনিস্টার ও বোরহ্যাম উডও নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে।
বিতর্কিত সৌদি মালিকের অধীনে প্রথম খেলোয়াড় হিসেবে নিউক্যাসেলে এ মাসেই চুক্তিভূক্ত হয়েছেন ইংলিশ রাইট ব্যাক কিয়েরান ট্রিপিয়ার। এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র একটি ম্যাচে জয়ী হয়েছে ম্যাগপাইরা। এবার সেন্ট জেমস পার্কে দর্শকে ঠাসা ম্যাচটিতে দ্বিতীয় বিভাগের দলের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হলো তাদেরকে। ৫৬ মিনিটে ম্যাচের জয়সূচক গোলটি করে জো আইরনসাইড। পোস্টের খুব কাছে থেকে তিনি বল জালে জড়ালে ক্যামব্রীজের জয় নিশ্চিত হয়। ম্যাচে অফসাইডের কারনে নিউক্যাসলের দুটি গোল বাতিল হয়েছে। স্টপেজ টাইমে জোলিনটনের শট দুর্দান্ত দক্ষতায় ক্যামব্রীজের গোলরক্ষক দিমিতার মিটোভ রুখে না দিলে নিউক্যাসল হয়ত তখনই সমতা ফেরাতে পারতো। ম্যাচ শেষে নিউক্যাসলের ম্যানেজার এডি হাউ বলেছেন, ‘আমি মনে করিনা আমাদের কৌশলে আজ কোন ভুল ছিল। তবে গোলমুখে গিয়ে আমরা বারবার ব্যর্থ হয়েছি।’
ষষ্ঠ টায়ারের দল কিডারমিনিস্টার ২-১ গোলে চ্যাম্পিয়নশীপ ক্লাব রিডিংকে পরাজিত করেছে। উভয় দলের মধ্যে অবস্থানের পার্থক্য ৭৯। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে জর্জ পুসকাসের গোলে রিডিং এগিয়ে গিয়েছিল। ৬৯ মিনিটে স্যাম অস্টিন স্বাগতিকদের হয়ে সমতা ফেরান। এরপর ম্যাচ শেষে ৮ মিনিট আগে আমারি মর্গান-স্মিথের গোলে কিডারমিনিস্টারের জয় নিশ্চিত হয়। এই পরাজয়ে বেশ কিছু ক্ষুব্ধ সমর্থক রিডিং ম্যানেজার ভালেকো পনোভিচের উপর নিজেদের আক্রোশ দেখিয়েছেন।
এদিকে লিগের বাইরের আরেক দল বোরহ্যাম উপর এএফসি উইম্বলডনকে ২-০ গোলে পরাজিত করে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে।
স্ট্যামফোর্ড ব্রীজে টিমো ওয়ার্নার, ক্যালুম হাডসন-ওডুই, আন্দ্রেস ক্রিস্টেনসেন, রোমেলু লুকাকু ও হাকিম জিয়েচ স্কোরশিটে নাম লিখিয়েছেন। ম্যাচ শেষে চেলসি বস থমাস টাচেল বলেছেন, ‘আমার পুরো দলের উপর পূর্ণ আস্থা আছে। আগামী দুই সপ্তাহ আমি খেলোয়াড়দের উপর কোন চাপ দিব না। কাল আমরা শুরুটা ভাল করেছিলাম যার ফল পেয়েছি।’
টাইলার স্মিথের হেডে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে গিয়েছিল স্বাগতিক হাল। কিন্তু ডেমারাই গ্যারি ও আন্দ্রে গোমেজের গোলে ৩১ মিনিটেই লিড পায় এভারটন। রায়ান লংম্যান দুর্দান্ত স্ট্রাইকে হালকে সমতায় ফেরান। ম্যাচের শেষভাগে কিন লুইস পটারের শট পোস্টে না লাগলে হাল হয়ত তখনই জয় নিশ্চিত করতে পারতো। কিন্তু আন্দ্রোস টাউনসেন্টের দুর পাল্লার শটে প্রিমিয়ার লিগের দলটির জয় নিশ্চিত হয়।  
কিং পাওয়ার স্টেডিয়ামে ওয়াটফোর্ডকে ৪-১ গোলে বিধ্বস্ত করে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটি। পিছিয়ে থেকেও মিলওয়ালকে ২-১ গোলে পরাজিত করেছে ক্রিস্টাল প্যালেস।
বাসস/নীহা/১৫৪০/স্বব