বাসস
  ০৭ জানুয়ারি ২০২২, ১৮:৪৮

বাসস ক্রীড়া-১২ : প্রধান নির্বাচকের দায়িত্বে হেইন্স

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-হেইন্স
প্রধান নির্বাচকের দায়িত্বে হেইন্স
বার্বাডোজ, ৭ জানুয়ারি ২০২২ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন দেশটির সর্বকালের সেরা ওপেনার ডেসমন্ড হেইন্স।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (সিডব্লুআই) পরিচালকদের সভায় চূড়ান্ত হয় হেইন্সের নিয়োগ।
সাবেক সতীর্থ রজার হার্পারের স্থলাভিষিক্ত হয়েছেন হেইন্স। গত ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হয় হার্পারের। আর ২০২৪ সালের জুন পর্যন্ত দায়িত্ব পেয়েছেন হেইন্স। এই মেয়াদে দু’টি টি-টোয়েন্টি বিশ^কাপ ও একটি ওয়ানেড বিশ^কাপের দল গঠনের দায়িত্ব পালন করবেন হেইন্স।
গেল কয়েক বছর ধরে ক্রিকেটের সাথে সরাসরি সম্পৃক্তা ছিলো না হেইন্সের। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হওয়ার লড়াইয়ে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন তিনি। তবে হেইন্সের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব পান ফিল সিমন্স।
দায়িত্ব পেয়ে হেইন্স বলেন, ‘আবারও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সেবা করার সুযোগের জন্য ধন্যবাদ দিতে চাই প্রেসিডেন্স রিকি স্কেরিট ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে। নির্বাচকের কাজে প্রশংসা পাওয়া যায়, তবে ক্রিকেট সিস্টেমে এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আমি এই দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছি।’
তিনি আরও বলেন, ‘আমি সব সময়ই বলে এসেছি, যে কোন ভাবে সম্ভব হলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সহায়তা করতে চাই এবং এই দায়িত্বকে তেমনই সুযোগ হিসেবে দেখছি। স্বচ্ছ ও পেশাদারীভাবে দায়িত্ব পালন করার আশা রাখছি।’
হেইন্সকে দায়িত্ব দেয়ার পেছনে বড় ভূমিকা ছিলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (সিডব্লুআই) পরিচালক জিমি এডামসের।
১৯৭৮ সাল থেকে দেশের হয়ে খেলছেন হেইন্স। ১৯৯৪ সালে দেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন তিনি। ১১৬ টেস্টে ৭৪৮৭ রান ও ২৩৮ ম্যাচে ৮৬৪৮ রান করেন ৬৫ বছর বয়সী হেইন্স।
বাসস/এএমটি/১৮৩০/স্বব