শিরোনাম

রেজাউল করিম মানিক
রংপুর, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস): উত্তরাঞ্চলে সুগন্ধি ছড়াচ্ছে দুর্লভ ফুল কাঁঠালিচাঁপা। উদ্ভিদ বিশেষজ্ঞরা বলেছেন, শুধু বছরে একবারই দেখা মেলে এই ফুলের। প্রকৃতি নিয়ে কাজ করা রানা মাসুদ বলেন, বছরের যেকোনো এক সময় যেকোনো বাগানে এই ফুল পাওয়া যেতে পারে।
যে গাছ পাওয়া গেলেও সহজে ফুলের দেখা মেলে না, তার নাম কাঁঠালিচাঁপা। রংপুর অঞ্চলে এটি দুর্লভ প্রকৃতির ফুল। এর আদিভূমি দক্ষিণ চীন, মিয়ানমার, ফিলিপাইন ও ভারত বর্ষে হলেও এক সময় বর্ষায় আমাদের দেশে কাঁঠালিচাঁপার ফুল প্রচুর দেখা যেত। কিন্তু জলবায়ুর পরিবর্তনসহ নানা কারণে এই ফুল হারিয়ে যেতে বসেছে।
রানা মাসুদ বলেন, কাঁঠালিচাঁপা শুধু বর্ষাতেই পাওয়া যায়। কিন্তু তারপরও ১৫ বছর থেকে এই ফুল বর্ষাতেও আর দেখা পাওয়া যায় না। জলবায়ু পরিবর্তনের কারণেই হারিয়ে গেছে ফুলটি। এ বছর বেশ খোঁজাখুুঁজির পর কাঁঠালিচাঁপার সন্ধান পাওয়া গেল রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে। গ্রীষ্ম ও বর্ষায় ফুল বেশি হয়। এর ফল পাখিদের প্রিয় খাবার।
পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের ইনচার্জ ও বাংলা একাডেমির কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্না বাসস’কে বলেন, কাঁঠালিচাঁপা প্রচুর সবুজ পাতাযুক্ত ঝোঁপালো কাষ্ঠল গাছ।
কষ্ট সহিষ্ণু এ গাছ টবে এমনকি ঘরের ভিতরে লাগানো যায়। তবে ফুল ফোটার সম্ভাবনা কম থাকে। রোদ বৃষ্টির সঙ্গে ফুল ফোটার সম্পর্ক বেশি থাকে। লাজুক প্রকৃতির এ গাছ সহজে পাওয়া গেলেও ফুলের দেখা মেলে না। কারণ, ফুল পাতার মধ্যে লুকানো থাকে। প্রাথমিক পর্যায়ে ফুল যখন ফোটে তখন এর রং সবুজ হয়, যা পাতার সঙ্গে মিশে থাকে। কিন্তু ফুল যখন হলুদ রঙের হয় তখন এর ঘ্রাণ অনেকটা আগের দিনের ব্যানানা চুইংগামের মতো।
তিনি আরও বলেন, ‘বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে একটি পুরোনো কাঁঠালিচাঁপা চোখে পড়ে। এ শহরের আর কোথাও আছে কি-না আমার জানা নেই। এ গাছে ফুল হওয়ার পর ফলও হয়, যা দেখতে অনেকটা জলপাইয়ের মতো। প্রকৃতিতে যখন বৃষ্টির পরিমাণ বেশি থাকে তখন ফুল বেশি দেখা যায়।
উদ্ভিদ বিজ্ঞানী ড. হাসানুজ্জামান জুয়েল বাসস’কে বলেন, এক সময় প্রচুর ঝোঁপে-ঝাঁড়ে থাকতো এই ফুলটি। কিন্তু রুক্ষ আবহাওয়া আর হঠাৎ প্রচুর বৃষ্টির কারণে হারিয়ে গেছে ফুলটি। এটি আর ফিরে আসবে না। কারণ, এটি বাড়িতে টবে হয় না। প্রকৃতি যদি স্বাভাবিক হয় তাহলে আবারও প্রচুর দেখা মিলতে পারে। প্রকৃতির এই বিরূপ আচরণের কারণে অসংখ্য ফুল এখন হারিয়ে গেছে। আমরা চাই প্রকৃতি স্বাভাবিক থাকুক আর ফুলও তার সুগন্ধি ছড়িয়ে দিক।