বাসস
  ১২ জুলাই ২০২৬, ১৮:১০
আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৮:১৭

কুমিল্লার নিমসার বিশ্রামাগার চালু হচ্ছে, স্বস্তি ট্রাকচালকদের

ছবি: বাসস

দেলোয়ার হোসাইন আকাইদ

কুমিল্লা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : নির্মাণের পর দীর্ঘদিন অব্যবহৃত থাকার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার এলাকায় নির্মিত পণ্যবাহী যানবাহন চালকদের জন্য আধুনিক বিশ্রামাগার চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

ইজারা প্রক্রিয়া শেষ করে আগামী সেপ্টেম্বরের মধ্যে বিশ্রামাগারটি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, কুমিল্লা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দূরপাল্লার ট্রাক ও কাভার্ডভ্যান চালকদের নিরাপদ ও আরামদায়ক বিশ্রামের সুযোগ সৃষ্টি এবং চালকদের ক্লান্তিজনিত সড়ক দুর্ঘটনা কমানোই এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য।

২০১৯ সালে শতকোটি কোটি টাকা ব্যয়ে কুমিল্লার নিমসার এলাকায় প্রায় ১৩ একর জায়গাজুড়ে এ প্রকল্পের কাজ শুরু হয়। চারতলাবিশিষ্ট দু’টি ভবনে একসঙ্গে প্রায় ১০০ জন চালকের অবস্থানের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া রয়েছে শতাধিক পণ্যবাহী যানবাহন পার্কিংয়ের সুবিধা, বিশ্রামকক্ষ, নামাজের স্থান, গোসলখানা, ক্যান্টিন, চিকিৎসাসেবা কেন্দ্রসহ চালকদের প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা। ২০২৪ সালের ডিসেম্বরে নির্মাণকাজ শেষ হলেও ইজারা প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বিশ্রামাগারটি চালু করা সম্ভব হয়নি।

সওজ বিভাগ সূত্রে জানা গেছে, কুমিল্লার বিশ্রামাগার পরিচালনার জন্য ইতোমধ্যে চার দফা দরপত্র আহ্বান করা হয়েছে। বর্তমানে দরপত্র মূল্যায়নের কাজ চলছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে ইজারা কার্যক্রম চূড়ান্ত হতে পারে।

ইজারার শর্ত অনুযায়ী, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তিন বছরের জন্য বিশ্রামাগার পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। ইজারাদারকে ১২ মাসের ইজারা মূল্যের সমপরিমাণ নিরাপত্তা জামানত জমা দেওয়ার পাশাপাশি কর-ভ্যাটসহ সরকারি সব পাওনা পরিশোধ করতে হবে। নিয়মিত আয়-ব্যয়ের হিসাব সওজ বিভাগে জমা দেওয়া, অবকাঠামো ও পার্কিং এলাকা রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সিসিটিভি স্থাপন, অভিযোগ গ্রহণের ব্যবস্থা রাখা এবং ব্যবস্থাপনা কমিটি গঠন বাধ্যতামূলক থাকবে।

চালক ও সহকারীরা নির্ধারিত সেবামূল্যের বিনিময়ে বিশ্রামাগারের সুবিধা ব্যবহার করতে পারবেন। প্রবেশের সময় তাদের ড্রাইভিং লাইসেন্স ও পরিচয়পত্র যাচাই করা হবে। বিশ্রামাগারে মাদক ও জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সেবামূল্য অনুযায়ী, অতিভারী পণ্যবাহী যানবাহনের জন্য প্রথম পাঁচ ঘণ্টার পার্কিং ফি ১৫০ টাকা এবং পরবর্তী প্রতি ঘণ্টার জন্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভারী পণ্যবাহী যানের ক্ষেত্রে প্রথম পাঁচ ঘণ্টার জন্য ১০০ টাকা ও পরে প্রতি ঘণ্টায় ২০ টাকা, মাঝারি যানবাহনের জন্য যথাক্রমে ৭৫ ও ১৫ টাকা এবং হালকা পণ্যবাহী যানের জন্য প্রথম পাঁচ ঘণ্টায় ৫০ টাকা ও পরবর্তী প্রতি ঘণ্টায় ১০ টাকা দিতে হবে।

এছাড়া বিশ্রামকক্ষ ব্যবহারের জন্য প্রথম পাঁচ ঘণ্টার ভাড়া ১৫০ টাকা এবং অতিরিক্ত প্রতি ঘণ্টার জন্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। টয়লেট ব্যবহারের ফি ৫ টাকা, গোসলের জন্য ১০ টাকা এবং টয়লেট ও গোসলখানা একসঙ্গে ব্যবহার করলে ১৫ টাকা দিতে হবে।

ট্রাকচালক জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের বিশ্রামাগার অনেক আগেই চালু হওয়া প্রয়োজন ছিল। দীর্ঘ যাত্রাপথে মহাসড়কের পাশে গাড়ি রেখে বিশ্রাম নিতে গিয়ে চালকদের মালামাল চুরি, ছিনতাই ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকতে হতো। বিশ্রামাগার চালু হলে সেই দুর্ভোগ অনেকটাই কমবে।

কাভার্ডভ্যান চালক রুবেল মিয়া বলেন, দূরপাল্লার যাত্রায় বিশ্রাম, গোসল, খাবার গ্রহণ এবং প্রয়োজন হলে গাড়ির ছোটখাটো মেরামতের সুযোগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিমসারের বিশ্রামাগারটি নিরাপদ পরিবেশে এসব সেবা নিশ্চিত করবে বলে তারা আশা করছেন।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁঞা বাসস-কে বলেন, কুমিল্লার নিমসার বিশ্রামাগারের জন্য চারবার দরপত্র আহ্বান করা হয়েছে। বর্তমানে মূল্যায়ন প্রক্রিয়া চলছে। আগামী দুই সপ্তাহের মধ্যে ইজারা চূড়ান্ত হওয়ার আশা করছি। এরপরই বিশ্রামাগারটি চালু করা হবে। এতে দূরপাল্লার পণ্যবাহী যানবাহনের চালকরা নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন, যা মহাসড়কে দুর্ঘটনা কমাতেও সহায়ক হবে।