বাসস
  ১০ জুলাই ২০২৬, ১৯:৫৫

সাতক্ষীরায় বিরোধ নিষ্পত্তিতে জনপ্রিয় হয়ে উঠেছে ‘লিগ্যাল এইড’  

ছবি: সংগৃহীত

॥ আসাদুজ্জামান ॥

সাতক্ষীরা, ১০ জুলাই ২০২৬ (বাসস): জেলায় বিনা খরচে ও দ্রুত সময়ে বিরোধ নিষ্পত্তিতে জনপ্রিয় হয়ে উঠেছে ‘লিগ্যাল এইড’ কার্যক্রম। সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের পাশাপাশি আদালতের বাইরে বিভিন্ন বিরোধ দ্রুত নিষ্পত্তি হওয়ায় মামলার চাপ কমাতে ‘লিগ্যাল এইড’ কার্যকর ভূমিকা রাখছে। 
  
বিশেষত সরকারি খরচে আইনগত পরামর্শ ও মামলা পরিচালনা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে বিপুলসংখ্যক মানুষ সরাসরি উপকৃত হয়েছেন।

জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৬ মাসে মোট একহাজার ৩৮০টি আবেদন গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৭৯টি মামলা দায়ের এবং ৪৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

এছাড়া, একই সময়ে ১ হাজার ১০১টি এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) আবেদন গৃহীত হয়, যার মধ্যে ১ হাজার ৪৭টি সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত বা প্রাপ্য ব্যক্তিদের অনুকূলে মোট ৮০ লাখ ৬৭ হাজার টাকা আদায় করে পরিশোধ করা হয়েছে।

ঈাশাপাশি লিগ্যাল এইড অফিসের মাধ্যমে একই সময়ে ৮৯০ জন নারী ও ২২৩ জন পুরুষকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। সর্বমোট একহাজার ৮৬৭ জন উপকারভোগী বিভিন্ন ধরনের আইনগত সহায়তা গ্রহণ করেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আদালত, জেলা কারাগার, উপজেলা ও ইউনিয়ন কমিটি এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য সংখ্যক আবেদন লিগ্যাল এইড অফিসে পাঠানো হয়েছে। যা এই সেবার ব্যাপকতা ও গ্রহণযোগ্যতা প্রমাণ করে।

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের চিফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম-জেলা ও দায়রা জজ) মো. মোস্তাফিজুর রহমান জানান, সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন বিরোধ দ্রুত নিষ্পত্তি হওয়ায় আদালতের ওপর মামলার চাপ হ্রাস পাচ্ছে। মামলার জট কমাতে লিগ্যাল এইডের মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তিকে অগ্রাধিকার দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি জানান, জেলা লিগ্যাল এইড অফিস ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি’ (এডিআর) বা সালিসির মাধ্যমে বিরোধ মীমাংসা করে কার্যকর ভূমিকা পালন করছে।