বাসস
  ০৯ জুলাই ২০২৬, ১০:২৫

নাটোর প্রধান ডাকঘরে দ্রুত গতির স্পিড পোস্ট সার্ভিস চালু

নাটোর প্রধান ডাকঘর। ছবি: বাসস

॥ ফারাজী আহম্মদ রফিক বাবন ॥

নাটোর, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : নাটোর প্রধান ডাকঘরে দ্রুত গতির সাশ্রয়ী স্পিড পোস্ট সার্ভিস চালু করা হয়েছে। এই কার্যক্রমে যে কোনো ডকুমেন্ট বা পার্সেল ২৪ ঘন্টার মধ্যে রাজধানীতে এবং ৪৮ ঘন্টার মধ্যে দেশের যে কোনো স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে।

মূলত ফলের মৌসুমকে উপলক্ষ করে এই স্পিড পোস্টের পার্সেল সার্ভিস চালু করা হয়। এই কার্যক্রমের পরিবহন খরচ প্রথম এক কেজি মাত্র ১০টাকা, পরবর্তী প্রতি কেজি মাত্র ৫টাকা। দেশের বিস্তৃত ডাকঘর নেটওয়ার্কের মাধ্যমে খুব সহজে ফল বা অন্য বৈধ যে কোনো পণ্য সহজেই প্রেরণ করা যাচ্ছে।

ট্র্যাকিং সুবিধা থাকায় প্রেরিত পণ্যের অবস্থান খুব সহজেই বাড়িতে বসেই পর্যবেক্ষণ করা যাচ্ছে। তাই পণ্য হারিয়ে যাওয়া বা সময়মত প্রেরকের কাছে পৌঁছনোর ক্ষেত্রে এই সেবা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।

ঢাকোপাড়া কওমী মাদ্রাসার শিক্ষক আল আমিন নাটোর প্রধান ডাকঘরে ৬ জুলাই দুপুরে ২৩ কেজি আম বুক করেন। মাত্র ৪৪ ঘন্টায় এই আম পৌঁছে গেছে নির্ধারিত গন্তব্য বরগুনাতে। আল আমিন বলেন, এরআগে কুরিয়ার সার্ভিসে ফল পাঠাতাম। পৌঁছতে অনেক দেরি হতো, খরচও বেশি ছিলো। কিন্তু ডাকঘরের এই সেবা অনেক স্বস্তির। অল্প সময়ে অল্প খরচে গন্তব্যে ফল পৌঁছে গেছে। সবাইকে ডাকঘরের মাধ্যমে ফল বা অন্য কোনো পণ্য পাঠাতে অনুরোধ করবো।

নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার বাসস’কে বলেন, স্পিড পোস্ট সার্ভিস চালু হওয়াতে আমরা উপকৃত হয়েছি। খুব সহজেই প্রয়োজনীয় ডকুমেন্ট ঢাকা এবং অন্য যে কোনো গন্তব্যে পাঠাতে পারছি। কুরিয়ার সার্ভিসের চেয়ে স্পিড পোস্ট শুধু অল্প সময় অল্প ব্যয় সাপেক্ষই নয়, ট্র্যাকিং সুবিধা থাকায় এই সার্ভিস খুবই প্রশান্তির। আমরা যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে এই সার্ভিসের উপরে অনায়াসে নির্ভর করতে পারি।

নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাসস’কে বলেন, তবে এই সার্ভিস সম্পর্কে জনসাধারণ খুব বেশি জানে না। তাই প্রচারণা চালানো প্রয়োজন।

নাটোর প্রধান ডাকঘরের পোস্টাল অপারেটর মো. কামরুজ্জামান জানান, স্পিড পোস্ট সার্ভিসের পণ্য পরিবহনের জন্যে ঢাকা, ঈশ্বরদী এবং সান্তাহারে তিনটি মেইল এন্ড সর্টিং অফিস আছে। আমাদের ডাকঘরে বুককৃত পণ্য বা ডকুমেন্টের গন্তব্য উত্তরবঙ্গে হলে ট্রেনযোগে সান্তাহার পাঠানো হয়, সান্তাহার থেকে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। পণ্যটির গন্তব্য দক্ষিণ বঙ্গের হলে আমাদের নিজস্ব গাড়িতে ঈশ্বরদী পৌঁছনোর পরে সেখান থেকে গন্তব্যে যাত্রা শুরু করে। আর ঢাকা বা অবশিষ্ট এলাকার পণ্য ঢাকা থেকে ডেলিভারি করা হয়।

মো. কামরুজ্জামান আরো জানান, যে কোনো উপজেলা পোস্ট অফিস থেকে পণ্য বুক করলে নাটোর প্রধান ডাকঘরের মাধ্যমে একই সেবা প্রদান করা হবে।

নাটোর প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার মো. শফিকুল ইসলাম বাসস’কে বলেন, যে কোনো চিঠি বা পণ্য প্রেরণের ক্ষেত্রে এক সময় ডাকঘরই ছিলো এদেশের মানুষের প্রধান অবলম্বন। স্পিড পোস্ট সার্ভিসের মাধ্যমে জনসাধারণকে আমরা সেই সোনালি দিনে ফিরিয়ে নিয়ে যেতে চাই। স্পিড পোস্টে আমাদের পণ্য পরিবহন অত্যন্ত নিরাপদ। তাই সকল সুফল বিবেচনায় নিয়ে যে কেউ নিশ্চিন্তে আমাদের এই সেবা গ্রহণ করতে পারেন।