বাসস
  ০৪ জুলাই ২০২৬, ১৭:১৯

মাদারীপুরে ৬২ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডাম্পিং স্টেশনের জমি উদ্ধার করলো প্রশাসন

ছবি: বাসস

//বেলাল রিজভী//

মাদারীপুর, ৪ জুলাই, ২০২৬ (বাসস) : দীর্ঘদিনের জমি-সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে মাদারীপুরে ৬২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আধুনিক ডাম্পিং স্টেশন প্রকল্পের নির্ধারিত জমি উদ্ধার করলো জেলা প্রশাসন। 

জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় জমির পরিমাপ, সীমানা নির্ধারণ এবং লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করার কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা প্রকল্প বাস্তবায়নের অন্যতম প্রধান বাধা দূর হয়েছে।

জানা গেছে, বাংলাদেশের ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে মাদারীপুর পৌরসভায় একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি টাকা। আর এ লক্ষ্যে সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় প্রায় সাড়ে পাঁচ একর জমি নির্ধারণ করা হয়। তবে স্থানীয় কিছু ব্যক্তির দখলে থাকায় জমি-সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন প্রকল্পের নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি।

প্রশাসনের উদ্যোগে প্রকল্পের অচলাবস্থা নিরসনে গতকাল ৩ জুন ব্রাহ্মন্দী এলাকায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, পৌর কর্তৃপক্ষ ও এলাকাবাসী অংশ নেন। সভায় প্রকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরে দ্রুত জমি-সংক্রান্ত জটিলতা নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এরই ধারাবাহিকতায় আজ জেলা প্রশাসনের সার্ভেয়ার, আমিন, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ডাম্পিং স্টেশনের জন্য নির্ধারিত জমির সীমানা চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করেন।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, ‘দীর্ঘদিনের জটিলতা নিরসনের মাধ্যমে ডাম্পিং স্টেশন নির্মাণের পথ উন্মুক্ত হয়েছে। আধুনিক ডাম্পিং স্টেশন নির্মিত হলে মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হবে। পরিবেশ দূষণ কমবে, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং নগরবাসী আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার সুফল ভোগ করবেন।’

মাদারীপুর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু বলেন, ‘মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে নানা সমস্যা ছিল। নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় বর্জ্য সংগ্রহ, সংরক্ষণ ও অপসারণে জটিলতা সৃষ্টি হতো। আধুনিক ডাম্পিং স্টেশন নির্মিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধান হবে। পৌরবাসী আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা পাবেন এবং পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে।’

পৌরসভার স্থানীয় বাসিন্দা শফিক স্বপন বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদারীপুর পৌরসভার ময়লা মহাসড়কের পাশে ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে। আধুনিক ডাম্পিং স্টেশন নির্মিত হলে এলাকাবাসী পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাবে এবং বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান আসবে।’

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাড. মাসুদ পারভেজ বলেন, ‘প্রায় দেড়শ বছরের পুরোনো মাদারীপুর পৌরসভায় এখনো কোনো আধুনিক ডাম্পিং স্টেশন নেই। এটি পৌরবাসীর দীর্ঘদিনের দাবি। প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু বর্জ্য ব্যবস্থাপনাই নয়, শহরের পরিবেশ ও জনস্বাস্থ্যেরও উল্লেখযোগ্য উন্নতি হবে।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডাম্পিং স্টেশনের জন্য প্রায় সাড়ে পাঁচ একর জমি নির্ধারিত থাকলেও আপাতত ৩ একর জমি উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে। জমি-সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনের ফলে এখন দ্রুত নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। 

তারা আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে পরিবেশ দূষণ হ্রাস, জনস্বাস্থ্য সুরক্ষা এবং একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য শহর গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তারসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।