শিরোনাম

আল-আমিন শাহরিয়ার
ভোলা, ১৫ মে, ২০২৬ (বাসস) : ভোলায় সফরে এসে তিনদিনের ব্যস্ত সময় কাটিয়েছেন, বাংলাদেশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি। গত ১৩ মে বুধবার তিনি এই দ্বীপ জেলায় সফরে আসেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন, দূতাবাসের অন্যান্য কর্মকর্তাগণ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় তিনি জেলার সার্কিট হাউজে ব্যবসায়ীদের সাথে এবং বিকেলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের সাথে আলজেরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ কৃষি, সার ও জ্বালানি খাতে খুবই সম্ভবনাময় দেশ। এ জন্য ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে আলজেরিয়া বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।
তিনি আজ দুপুরে ভোলার চেম্বার অব কমার্স ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন।
সভায় তিনি আরো বলেন, আজকের এই জেলা পরিদর্শন বাংলাদেশ এবং আলজেরিয়ার সম্পর্ক আরো গভীর করে তুলবে। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। এরআগেও বাংলাদেশের সংকটকালীন সময়ে আলজেরিয়া বাংলাদেশকে সহযোগীতা করেছে। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।
তিনি বলেন, বাংলাদেশীদের জন্য মাত্র ১০ মিনিটে আলজেরিয়ার দূতাবাস ভিসা সরবরাহ করবে।
এরআগে জেলা সফরে আসলে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানিকে স্বাগত জানান জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা প্রশাসক ডা. শামীম রহমান’র সাথে সৌজন্য সাক্ষাতে জেলার জ্বালানি, সার, কৃষি ও ওষুধ শিল্পের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাক্ষাতে রাষ্ট্রদূতের কাছে জেলা প্রশাসক জেলার গ্যাসভিত্তিক শিল্প, কাঁচ ও সিরামিক শিল্প, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন। এছাড়াও আলজেরিয়ার বিনিয়োগ আগ্রহ এবং ভোলায় যৌথ বিনিয়োগের বিভিন্ন সুযোগ নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং এর মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সভায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতার নানা মুখী বিষয় নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যবসায়িক সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে অভিহিত করেন ব্যবসায়িক নেতারা।
জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি হুমায়ুন কবির সোপানের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক ও ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম নবী আলমগীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল মামুন, চেম্বার অব কমার্সের পরিচালক আমিনুল ইসলাম খান, মো. রাইসুল আলম, তরিকুল ইসলাম কায়েদ, মো. সোহেল প্রমুখ।
এ সময় ভোলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, উদ্যোক্তা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে তিনদিনের সফর শেষে আলজেরিয়ার রাষ্ট্রদূত আজ শুক্রবার সকাল ১০টায় বরিশাল হয়ে ভোলা ত্যাগ করেন।