বাসস
  ০৬ মে ২০২৬, ১৯:৩১
আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৭:০২

মাঠে ইশানের সেঞ্চুরির ঝড়, বল হাতে ইমরানের ম্যাজিক

ঢাকা, ৬ মে ২০২৬ (বাসস) : দেশজুড়ে শুরু হওয়া 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬' প্রতিভা অন্বেষণ কর্মসূচির ষষ্ঠ দিনে আজ মাঠ মাতিয়েছে দুই কিশোর। চট্টগ্রাম ও ময়মনসিংহে অনুষ্ঠিত ত্রিকেট ইভেন্টের পৃথক দুটি ম্যাচে ব্যাট ও বলের অবিশ্বাস্য লড়াইয়ে নজর কেড়েছে ইভান রায়হান ইশান ও ইমরান খান।

চট্টগ্রামের বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ যেন টর্নেডো বইয়ে দেন কোতোয়ালি শিক্ষা থানার ওপেনার ইভান রায়হান ইশান। সান সাইন গ্রামার স্কুলের অষ্টম শ্রেণীর এই ছাত্র মীরসরাই উপজেলার বোলারদের তুলোধুনো করে মাত্র ৪২ বলে খেলেছেন ১১০ রানের এক দানবীয় ইনিংস। তার এই বিধ্বংসী ইনিংসে ছিল ১২টি বিশাল ছক্কা ও ৭টি চারের মার।

ইশানের ব্যাটে ভর করে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের পাহাড় গড়ে কোতোয়ালি। জবাবে রান পাহাড়ের চাপে পিষ্ট মীরসরাই উপজেলা মাত্র ৪৭ রানেই গুটিয়ে যায়, ফলে কোতোয়ালি পায় বিশাল জয়। ব্যবসায়ী রায়হান চৌধুরীর পুত্র ইশানের এমন ব্যাটিং শৈলী এখন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে আলোচনার তুঙ্গে।

এদিকে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে বল হাতে আগুন ঝরিয়েছেন ত্রিশাল উপজেলার পেসার ইমরান খান। গফরগাঁও উপজেলার বিপক্ষে প্রথম রাউন্ডের এই ম্যাচে ইমরান এক অভাবনীয় স্পেল উপহার দেন। মাত্র ২ ওভার বল করার সুযোগ পেয়ে ৪ রান খরচায় তিনি প্রতিপক্ষের ৫টি উইকেট তুলে নেন। তার এই বিধ্বংসী বোলিংয়ের ওপর ভর করেই গফরগাঁওকে ১৬ রানে হারিয়ে জয় তুলে নেয় ত্রিশাল উপজেলা।

সারাদেশে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করার এই কর্মসূচিতে ষষ্ঠ দিনে ইশানের সেঞ্চুরি এবং ইমরানের ৫ উইকেট প্রাপ্তি নতুন কুঁড়ি স্পোর্টসের জৌলুস বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।