বাসস
  ২৫ আগস্ট ২০২৬, ১২:২১
আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৩:০৭

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি ৪০ লাখ টাকা দিল কাফকো

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে কাফকোর চেক হস্তান্তর করেন। ছবি : পিআইডি

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৫ কোটি ৪০ লাখ ৭২ হাজার টাকা জমা দিয়েছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)।

শ্রমিক কল্যাণে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে কাফকো এ অর্থ জমা দিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে এ অর্থের চেক হস্তান্তর করেন।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কাফকোর চেয়ারম্যান মো. আব্দুন নাসের খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহাপরিচালক মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, কাফকোর চিফ কর্পোরেট অফিসার সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শ্রম আইনের আওতায় স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ শ্রমিক কল্যাণ তহবিলে জমা দেয়। যাত্রার শুরু থেকেই দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে কাফকো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে নিয়মিত অর্থ জমা দিয়ে আসছে।