শিরোনাম

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস): বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রতীক হিসেবে মালদ্বীপ সরকারকে প্রিমিয়াম মানের সুস্বাদু মৌসুমি আম উপহার দিয়েছে বাংলাদেশ সরকার।
মালদ্বীপ প্রজাতন্ত্রের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এবং এ অনুষ্ঠানে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাম্প্রতিক সরকারি সফরকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দেশটির বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে উৎকৃষ্ট মানের তাজা মৌসুমী আম আনুষ্ঠানিকভাবে দেশটির সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষে মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান প্রটোকল কর্মকর্তা (ডেপুটি চিফ অব প্রটোকল) বাদুরা সাঈদের কাছে এই শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রিমিয়াম মানের সুস্বাদু আম উপহার প্রদান দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যকার গভীর সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও কূটনৈক ঐতিহ্যের উজ্জ্বল প্রতীক। এটি উভয় দেশের ক্রমবর্ধমান সহযোগিতা, আস্থার পরিধি বৃদ্ধি এবং সাংস্কৃতিক সম্প্রীতিরও বহিঃপ্রকাশ।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে কূটনীতি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শ্রম ও জনশক্তি, প্রতিরক্ষা, পর্যটন এবং সার্বিক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত ঘনিষ্ঠ ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। এ উপহার দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।