বাসস
  ০৩ জুন ২০২৬, ১৯:১২

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় রিমান্ডে ২ জন

ঢাকা, ৩ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে দুই নারীকে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেফতার জুয়েল ওরফে সোর্স আরিফ ও আনোয়ার হোসেনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ (বুধবার) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩১ মে ঈদুল আজহার ছুটি শেষে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরার পর মোহাম্মদপুরের নূরজাহান রোডে নিজেদের বাসার সামনে ছিনতাইয়ের শিকার হন দুই নারী। 

আসামিরা ভুক্তভোগীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে লাগেজ, মোবাইল ফোন, টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ওই ঘটনায় গত ১ জুন মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।