বাসস
  ০৩ জুন ২০২৬, ১৫:৫৩

রাজধানীতে অপহরণ চক্রের ৯ জন গ্রেফতার

ঢাকা, ৩ জুন, ২০২৬ (বাসস): রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের ৯ জনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- জাহিদ হোসেন (২০), হোসাইন আহম্মদ ওরফে সিফাত (২৫), ইয়াছিন ওরফে আজমান (২৭), আরিফুল ইসলাম (২৩), মাহিম চৌধুরী আকাশ (২০), সাকিব (২৪), সোহেল রানা (২৪), মো. নাঈম (২৩) ও মো. মর্তুজা তামিম (২৬)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ এ তথ্য জানিয়েছেন। 

মঙ্গলবার জনৈক সাদমান সাকিব (২৭) ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য আদাবর থানাধীন শ্যামলী বাসস্ট্যান্ডে পৌঁছালে গ্রেফতারকৃতরা তার পথরোধ করে ধারালো ছুরির ভয় দেখিয়ে বাটার শো-রুমের চিপা গলিতে নিয়ে আটকে রাখে।

অপহরণকারীরা তার কাছে থাকা নগদ টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

ভিকটিম রাজি না হওয়ায় অপহরণকারীরা তাকে মারধর করে এবং ছুরি দিয়ে গুরুতর আঘাতের হুমকি দেয়। 

এ সময় টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ আশপাশের লোকজনের সহায়তায় চক্রের অন্যতম সদস্য জাহিদ হোসেনকে গ্রেফতার করে।

পরবর্তীতে তার দেওয়া তথ্য বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আদাবর থানা পুলিশ চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।