শিরোনাম

খুলনা, ২ জুন ২০২৬ (বাসস): খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জাতিকে সঠিক পথের দিশা দেখিয়েছেন। তাঁর আদর্শ ও দর্শন অনুসরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
আজ সকালে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম আক্রমণে যখন সমগ্র জাতি অনিশ্চয়তার মধ্যে পড়েছিল, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন। স্বাধীনতা-পরবর্তী সময়ে রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রতিষ্ঠা করেন এবং ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে দেশের সব জনগোষ্ঠীকে একটি অভিন্ন জাতীয় পরিচয়ের বন্ধনে আবদ্ধ করেন। কৃষি, গ্রামীণ উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল অর্থনীতি গঠনে তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে আছে।
বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে মনা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলের নেতা-কর্মীদের প্রতি দেশবিরোধী অপতৎপরতা, ষড়যন্ত্র ও স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক ও নেতৃত্ব তৈরির অন্যতম ক্ষেত্র হলো শিক্ষাঙ্গণ। সে কারণে ছাত্রদলকে আরও সুসংগঠিত, আদর্শনিষ্ঠ ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। মেধা, সততা ও দায়িত্ববোধসম্পন্ন নেতৃত্বই ভবিষ্যতে একটি শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদী, মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন, রকিবুল ইসলাম মতি, ২৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল আলম, বিএনপি নেতা সাদাত সায়েম, সাবেক ছাত্রনেতা মোমশেদুল সজীব প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাস। সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় বক্তৃতা করেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আরিফুর রহমান আরিফ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, শাকিল আহমেদ, সজল হোসেন, আব্দুল আহাদ শাহিন, এস এম ইউসুফ, আরিফুল ইসলাম, রবিউল ইসলাম, ইমরান সালেহ সিফাত, হিমি বিশ্বাস, হাসিবুর রহমান শোভন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মেরাজ হোসেন মানিক, মিজানুর রহমান মৃদুল, রাকিবুল ইসলাম সাজিদ, শেখ সামসাদ হোসেন আবিদ, নাসিম রহমান নাহিদ, এনামুল হক মল্লিক প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন।