শিরোনাম

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ (বাসস) : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার সঙ্গে ক্রীড়া ও সংস্কৃতির সমন্বয় ঘটানো সরকারের অন্যতম লক্ষ্য। ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’- এর আয়োজন নিয়ে স্টিয়ারিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে দেশব্যাপী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি পর্যায়ের প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত হবে।
সভায় জানানো হয়, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ধাপে ধাপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের মেধা, মননশীলতা, নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীলতা বিকাশের একটি বড় প্ল্যাটফর্ম।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও যাতে সমান সুযোগ নিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে। এ টুর্নামেন্টের মাধ্যমে শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে সুযোগের বৈষম্য কমবে এবং একটি সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে।
সভায় আরও জানানো হয়, টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রধানমন্ত্রীর উপস্থিতির প্রত্যাশা রয়েছে। একইভাবে জাতীয় পর্যায়ের ফাইনালেও প্রধানমন্ত্রীর উপস্থিত থাকতে পারেন।
সভায় মাঠ প্রস্তুত, নিরাপত্তা, প্রচারণা ও প্রশাসনিক সমন্বয় নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে সিদ্ধান্ত হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মাঠ প্রশাসন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করবেন। আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
সভায় শিক্ষামন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।