বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১৭:৩০

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত। ছবি: জাতীয় সংসদ ফেসবুক পেইজ

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস): জাতীয় সংসদ ভবনে আজ বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৈঠকে কমিটির সদস্য হিসেবে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, জহরত আদিব চৌধুরী, মাহমুদা হাবীবা, মোহাম্মদ নাজিবুর রহমান, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ ও মো. আবুল হাসনাত অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে কমিটির সদস্যদের পারস্পরিক পরিচিতি ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। 

এ সময় ঢাকা ও বেইজিংয়ের দীর্ঘমেয়াদি বন্ধুত্বের কথা তুলে ধরে বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের ভূমিকা ও কৌশলগত গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি চীন-বাংলাদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা, সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় সফর বিনিময় এবং বাণিজ্য ঘাটতি নিরসনে অধিকতর বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।