বাসস
  ০৭ জুলাই ২০২৬, ২০:২০
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ২০:৫০

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ছবি : পিএমও

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার অধিবেশনের বিরতিতে এ সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানিয়েছেন।

তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের লেখাপড়ার খোঁজ-খবর নেন। সেই সঙ্গে দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ করে তোলারও আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা জানান, বিএনপি সরকারের সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ সংসদ অধিবেশন দেখার সুযোগ পান চারজন বিদেশি শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ছবি : পিএমও

তিনি বলেন, দুপুরে তারা জাতীয় সংসদ ভবনে আসেন। এ সময় তারা সংসদের নির্মাণশৈলী প্রত্যক্ষ করেন। ঘুরে দেখেন লাইব্রেরি। বিভিন্ন স্থানে ফটোসেশনও করেন তারা। পরে সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন শিক্ষার্থীরা। এরপর দেওয়া হয় নামাজের বিরতি। সেই বিরতিতে তারা সাক্ষাৎ পান প্রধানমন্ত্রী তারেক রহমানের।

উপ-প্রেস সচিব জানান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার (দিপু) মাধ্যমে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকসহ মোট ৬৯ জন, নটর ডেম কলেজের ৪৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষকসহ ৫৩ জন এবং বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের ৪ জন বিদেশী শিক্ষার্থীসহ ৮ জন সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পান।

এ ছাড়া সংসদ সদস্য ফাহমিদা হক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের মাধ্যমে ১৮ সদস্যের প্রতিনিধি দল এ সুযোগ পান।