বাসস
  ০৭ জুলাই ২০২৬, ১৭:১৯

জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা। ছবি: পিএমও

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা।

আজ দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ক্যান্সার আক্রান্ত মাহমুদুল্লাহ বিন জিসানকে সঙ্গে নিয়ে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় তাদের সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

ছবি: পিএমও

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। একই সঙ্গে মা ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন তিনি।

সুজন মাহমুদ জানান, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর ঠিক দুই সপ্তাহ পর জানতে পারেন, তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যান্সারে আক্রান্ত। এর সাত মাস পর স্বামীকেও হারান তিনি।

ছবি: পিএমও

স্বামী-সন্তান হারিয়ে অসহায় হয়ে পড়েন ফাতেমা। এ সময় অসহায় পরিবারটির পাশে দাঁড়ান বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তখন থেকেই আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বর্তমান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা করা হয়। সেসময় প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

তিনি আতিকুর রহমান রুমনের মাধ্যমে জিসানের চিকিৎসার খোঁজ নিতেন। এরপর থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের তত্ত্বাবধানেই চলছে জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনা।