বাসস
  ১৫ জুন ২০২৬, ১৩:২৫
আপডেট : ১৫ জুন ২০২৬, ১৮:০১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: পিআইডি

ঢাকা, ১৫ জুন, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেছেন। সভায় কতটুকু অগ্রগতি হয়েছে, এআই ক্যামেরা কতগুলো বসানো হয়েছে, বাকিগুলো কবে নাগাদ বসানো হবে সে ব্যাপারে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন।

এছাড়াও রাজধানীর পুরোনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহনসমূহ সরানোর বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে  এবং প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।

অতিরিক্ত প্রেস সচিব আরো জানান, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।