বাসস
  ১৪ জুন ২০২৬, ১৬:২২
আপডেট : ১৪ জুন ২০২৬, ২১:৪৩

তরুণ উদ্ভাবক সাজ্জাদুলকে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত পণ্য দেখছেন। ছবি : পিএমও

ঢাকা, ১৪ জুন, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের তরুণ সাজ্জাদুল ইসলামের তৈরি পরিবেশবান্ধব ঢেউটিন, টাইলস ও পচনযোগ্য পলিথিন দেখে প্রশংসা করেছেন। এসব পণ্যের গুণগত মানোন্নয়ন ও গবেষণায় প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি।

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন সাজ্জাদুল ইসলাম। এ সময় সাজ্জাদুলের বাবা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি জানান, সাজ্জাদুল ইসলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তিনি কলাগাছের তন্তু ব্যবহার করে প্লাস্টিক, কার্বন ও সিলিকনভিত্তিক বিভিন্ন পণ্যের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব টাইলস ও ঢেউটিন তৈরি করেছেন। পাশাপাশি পচা ও অব্যবহৃত সবজির শ্বেতসার থেকে তৈরি করেছেন পচনযোগ্য পলিথিন।

আতিকুর রহমান রুমন বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব উদ্ভাবনী পণ্য কীভাবে বাস্তব ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং সেগুলোর গুণগত মান নিশ্চিত করা যায়, সে বিষয়ে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম। ছবি : পিএমও

এ কাজে সাজ্জাদুলকে প্রয়োজনীয় সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস. এম. আব্দুল আওয়ালকে।

বৈঠক শেষে সাজ্জাদুল ইসলাম জানান, বিগত সরকারের সময় বিভিন্নভাবে চেষ্টা করেও তিনি তার উদ্ভাবিত পণ্য নীতিনির্ধারকদের সামনে উপস্থাপনের সুযোগ পাননি। তবে বর্তমান প্রধানমন্ত্রী গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখে তাকে ডেকে পাঠান। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সাজ্জাদুল বলেন, উদ্ভাবিত এ পণ্যগুলো পরিবেশবান্ধব ও তুলনামূলক সাশ্রয়ী। এগুলো নিয়ে আরো গবেষণার জন্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার উদ্যোগ নিয়েছে সরকার।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের মহাজেরাবাদ গ্রামের বাসিন্দা সাজ্জাদুলের বাবা একজন কৃষক।

সাজ্জাদুলের দাবি, তার উদ্ভাবিত কাঁচামাল ব্যবহার করে শুধু টাইলস বা ঢেউটিন নয়, প্লাস্টিকের আসবাবপত্র, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশসহ কার্বন ও সিলিকননির্ভর নানা পণ্যের বিকল্প তৈরি করা সম্ভব। এমনকি ভবিষ্যতে বুলেটপ্রুফ দরজা-জানালাও এ উপাদান দিয়ে তৈরি করা যেতে পারে।

সাজ্জাদুল জানান, তার উদ্ভাবিত কাঁচামালে ৬৫ শতাংশ কলাগাছের তন্তু এবং ৩৫ শতাংশ রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়েছে।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস. এম. আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন।