বাসস
  ০৪ জুন ২০২৬, ১২:৫৩
আপডেট : ০৪ জুন ২০২৬, ১৬:৫৭

উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী 

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। ছবি : পিএমও

ঢাকা, ০৪ জুন, ২০২৬ (বাসস) : বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চাওয়া হয়। 

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানিয়েছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউএনডিপি’র চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করতে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

স্টেফান লিলার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। 

তিনি বলেন, ইউএনডিপি’র দৃষ্টিতে জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত। দেশের গণতন্ত্রও আরও শক্তিশালী হয়েছে।

প্রধানমন্ত্রী তাঁর সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নেওয়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এসব উদ্যোগের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে সরকারের প্রচেষ্টার বিষয়েও তিনি অবহিত করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রমবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। এছাড়া ইউএনডিপি’র স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস স্পেশালিস্ট কীর্তিজাই পাহাড়ি এবং হেড অব গভর্ন্যান্স আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।