বাসস
  ০২ জুন ২০২৬, ১৭:২৫

স্পিকারের সাথে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সাথে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি: জাতীয় সংসদ 

ঢাকা, ২ জুন, ২০২৬ (বাসস): স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে তিনি এই সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সাথে স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য। 

তিনি বলেন, স্পেন সরকার বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

স্পিকার বলেন, বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। 

তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশ নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠিয়ে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অগ্রযাত্রায় অবদান রেখেছে।

সাক্ষাৎকালে তারা উভয়ই মধ্যম আয়ের দেশে উত্তরণ পরবর্তী বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও দুই দেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক স্থাপন, তৈরি পোশাক রপ্তানি, এলএনজি এবং জ্বালানি সংকট নিয়ে মতবিনিময় করেন।

স্পিকার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে মনোনয়ন দেয়ার জন্য স্পেন সরকারের সমর্থন কামনা করেন।

রাষ্ট্রদূত এসময় জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।