শিরোনাম

নাটোর, ২ জুন, ২০২৬ (বাসস): নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে কাজ করছে সরকার। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের মাসিক সম্মানী ভাতা চালু করেছে।
আজ জেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের ইমামবৃন্দ অত্যাচার-নির্যাতন করেছে। ইসলাম বিরোধী এই শক্তি আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। দেশে আর কোনদিন যেন ইসলাম বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ধর্মীয় নেতাদের বিভাজন পরিহার করে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, জেলার বিভিন্ন মসজিদের ১৭৮ জন ধর্মীয় নেতাকে সরকার মাসিক সম্মানী ভাতা প্রদান করছে। এই সম্মানী ভাতার পরিধি আগামীতে শতভাগে উত্তীর্ণ হবে। এই সম্মানী ভাতার মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শরীফুল হক। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রিয়াজুল ইসলাম সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জানান, চলতি অর্থ বছরে নাটোর জেলার ৫০ জন ইমাম রাজশাহীর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে কৃষি কাজ, গাভী পালন, সামাজিক বনায়ন, মৎস্য চাষ ইত্যাদি বিষয়ভিত্তিক দেড় মাসের আবাসিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ইমামদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।