বাসস
  ৩১ মে ২০২৬, ২৩:০৮

ডিজেল অপরিবর্তিত রেখে অন্যান্য জ্বালানি তেলের মূল্য সমন্বয়

প্রতীকী ছবি

ঢাকা, ৩১ মে, ২০২৬ (বাসস) : ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে অকটেন, পেট্রোল ও কেরোসিনের মূল্য সমন্বয় করেছে সরকার।

নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার পেট্রোল ১৪০ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে বলা হয়, সমন্বয়কৃত নতুন মূল্য আগামী ১ জুন সোমবার থেকে কার্যকর হবে।

এর আগে গত ১৯ এপ্রিল জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে সময় প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

সরকারের নিয়মিত মূল্য সমন্বয় ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।