বাসস
  ১৯ মে ২০২৬, ১৬:৪৯

আজারবাইজানে বিশ্ব নগর ফোরামের ত্রয়োদশ অধিবেশনে অংশগ্রহণ করল বাংলাদেশ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসী বেগমের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল আজারবাইজানে বিশ্ব নগর ফোরামের ত্রয়োদশ অধিবেশনে অংশগ্রহণ করে। ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ১৯ মে, ২০২৬ (বাসস): জাতিসংঘের মানব বসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট) ও আজারবাইজান সরকারের যৌথ আয়োজনে ১৭ মে থেকে ২২ মে পর্যন্ত বাকু শহরে বিশ্ব নগর ফোরামের ১৩তম অধিবেশন হচ্ছে। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসী বেগমের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল এই অধিবেশনে অংশগ্রহণ করেছে।

আজ এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিনিধিদলে আরো আছেন- মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল আউয়াল, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া এবং রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম।

ইউএন-হ্যাবিট্যাট  ও আজারবাইজান সরকারের যৌথ আয়োজনে এ সম্মেলনে এবারের প্রতিপাদ্য ‘হাউজিং দ্য ওয়ার্ল্ড : সেইফ অ্যান্ড রেজিলিয়েন্ট সিটিস অ্যান্ড কমিউনিটিস’।

১৩তম ওয়ার্ল্ড আরবান ফোরামের উদ্বোধন করেন ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক আনাক্লডিয়া রোসব্যাক।

উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় ‘নতুন নগর এজেন্ডা’ বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক, যেখানে বিশ্বব্যাপী টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ ৫৫টির বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশও এই অধিবেশনে অংশ নেয় এবং টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও মানবকেন্দ্রিক নগর গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

২০১৬ সালে গৃহীত ‘নতুন নগর এজেন্ডা’ বর্তমানে বৈশ্বিক নগর উন্নয়নের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করছে। বাংলাদেশের প্রতিনিধিদল পরিকল্পিত নগরায়ন, সাশ্রয়ী আবাসন ও জলবায়ু-সহনশীল উন্নয়নে দেশের চলমান উদ্যোগগুলো তুলে ধরে, যা এসডিজির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এবারের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত মূল অগ্রাধিকারসমূহ হলো- পরিকল্পিত নগরায়ন ও আঞ্চলিক উন্নয়ন, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন ও টেকসই নগরের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব।