বাসস
  ১৮ মে ২০২৬, ১৯:৪২

বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহায়তার আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের

আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ্ ইউ-ৎসে। ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ১৮ মে, ২০২৬ (বাসস): বাংলাদেশের বিমানবন্দর সেবার আধুনিকায়নে অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) এবং অ্যারোনটিক্যাল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।

আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ্ ইউ-ৎসে এ আগ্রহের কথা জানান বলে এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে সিঙ্গাপুরের রাষ্ট্রদূত বলেন, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ক্রিমসন ও এন্টারপ্রাইজ বাংলাদেশের বিমানবন্দর কার্যক্রম আধুনিকায়নের অংশ হিসেবে এপিআইএস এবং অ্যারোনটিক্যাল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়ন প্রকল্পে কাজ করতে আগ্রহী।

দুই পক্ষ বিমান পরিবহন ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার গুরুত্বের ওপরও গুরুত্বারোপ করেন।

আফরোজা খানাম দেশের বিমান পরিবহন খাতের ধারাবাহিক উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলের আওতায় পর্যটন উন্নয়ন খাতে সহযোগিতার সম্ভাবনাও আলোচনা করা হয়।