বাসস
  ১৪ মে ২০২৬, ২৩:৫৫
আপডেট : ১৫ মে ২০২৬, ০০:২৪

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পর দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়েছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘নভো গ্রুপ ইনভেস্টর মিট-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : পিআইডি

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পর দেশে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হচ্ছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘নভো গ্রুপ ইনভেস্টর মিট-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি কূটনীতিক, দেশি-বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা অংশ নেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর বিপুল জনসংখ্যা ও তরুণ শ্রমশক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক উৎপাদন ও বিনিয়োগের অন্যতম কেন্দ্র হতে পারে।

মন্ত্রী বলেন, বর্তমানে তৈরি পোশাক শিল্প দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস। তবে গার্মেন্টস ও চামড়া শিল্পের পাশাপাশি হোম টেক্সটাইল, হস্তশিল্প, মৎস্য ও কৃষিপণ্য খাতেও ব্যাপক বিনিয়োগের সুযোগ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা এসব খাতে বিনিয়োগ করলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোলায় জ্বালানি সম্পদের বিশাল সম্ভাবনা রয়েছে। এছাড়া পায়রা বন্দর, বঙ্গোপসাগর-সংলগ্ন উপকূলীয় অঞ্চল এবং পর্যটন খাত ভবিষ্যতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, উৎপাদন বান্ধব পরিবেশ এবং আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে আরও এগিয়ে যাবে। তিনি বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী দেশি-বিদেশি উদ্যোক্তাদের পাশে সরকার রয়েছে। দেশের স্বার্থে অংশীদারত্ব আরও সম্প্রসারণে আমরা কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নিগুয়েন মান কুঅং, বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা, নভো গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোস্তাফিজুর রহমান, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান।

এ ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং দেশি-বিদেশি ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।