বাসস
  ১১ মে ২০২৬, ২১:৩৭

তরুণদের কর্মসংস্থানে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন : আসাদুল হাবিব দুলু

আজ লালমনিরহাট স্টেডিয়ামে প্রাণ-আরএফএল আয়োজিত ‘চাকরি মেলা’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: বাসস

ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে কেবল সরকারি বা বেসরকারি চাকরির ওপর নির্ভর করলে চলবে না, বরং ব্যাপক শিল্পায়ন প্রয়োজন।

তিনি বলেন, শিল্পায়ন একদিকে যেমন তরুণদের আয়ের উৎস তৈরি করবে, অন্যদিকে দেশকে টেকসই অগ্রগতির দিকে নিয়ে যাবে। 

আজ সোমবার লালমনিরহাট স্টেডিয়ামে দেশের অন্যতম শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল আয়োজিত ‘চাকরি মেলা’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

লালমনিরহাটের ভৌগোলিক ও কৃষিভিত্তিক গুরুত্ব তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাটের মাটি অত্যন্ত উর্বর। এখানে ধান, ভুট্টা ও আলুর ব্যাপক ফলন হয়। এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের এক বিশাল সম্ভাবনা রয়েছে।

তিনি সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলে বিনিয়োগ করতে দেশের শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত এ চাকরি মেলার মাধ্যমে লালমনিরহাট জেলার এক হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক।