শিরোনাম

ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস): পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান ১৩ মে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে একটি অনানুষ্ঠানিক ইন্টারঅ্যাকটিভ সংলাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিউইয়র্কে ১৩ মে স্থানীয় সময় সকাল ১০টা ও বিকেল ৩টায় এই সংলাপ অনুষ্ঠিত হবে। ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক এই সংলাপ আহ্বান করেন।
এই আলোচনাগুলো ইউএন ওয়েবটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি সিভিল সোসাইটি সংগঠন ও ব্যক্তিদেরও প্রার্থীদের উদ্দেশে প্রশ্ন পাঠিয়ে অথবা ভিডিও বার্তার মাধ্যমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছে।
ড. খালিলুর রহমান জাতিসংঘে তিন দশকেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একজন কূটনীতিক। তিনি জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সাধারণ পরিষদে দায়িত্ব পালন করেছেন এবং নিউইয়র্ক ও জেনেভাভিত্তিক জাতিসংঘের বিভিন্ন দপ্তরে ঊর্ধ্বতন পদেও ছিলেন।
তিনি ১৬টি সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিয়েছেন এবং উন্নয়ন ইস্যু, বিশেষ করে স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর বিষয়ে কাজ করেছেন।
তার ভিশন স্টেটমেন্টে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের বিশ্ব এখন আরও কার্যকর ও সাড়া দিতে সক্ষম বহুপক্ষীয় ব্যবস্থার প্রয়োজন। একসঙ্গে কাজ করলে আমরা এমন একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে পারি যা সদস্য রাষ্ট্রগুলোর আস্থা অর্জন করবে এবং সবার জন্য বাস্তব সুফল বয়ে আনবে।’
তিনি আরও বলেন, তার জ্ঞান, অভিজ্ঞতা ও নেতৃত্ব জাতিসংঘ সাধারণ পরিষদকে এই লক্ষ্য অর্জনে এগিয়ে নিতে সহায়তা করবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।
নিয়ম অনুযায়ী আঞ্চলিক ঘূর্ণায়মান পদ্ধতিতে এবার এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সভাপতি নির্বাচিত হবে।
ফিলিস্তিন প্রার্থীতা প্রত্যাহার করায় এখন বাংলাদেশ সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।
ড. খালিলুর রহমান বলেন, ৮০ বছর আগে সান ফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদ স্বাক্ষরের ঐতিহাসিক প্রেক্ষাপটে ৮১তম অধিবেশনটি শুরু হবে, যখন বহুপক্ষীয় বিশ্বব্যবস্থা একদিকে চ্যালেঞ্জের মুখে, অন্যদিকে নতুন সম্ভাবনার দিকেও এগোচ্ছে।