বাসস
  ১১ মে ২০২৬, ২১:১৪

বৃক্ষরোপণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে

আজ পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেলের দ্বিতীয় সভায় কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। ছবি: পিআইডি

ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।

আজ সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেলের দ্বিতীয় সভায় তিনি একথা বলেন।  

সেলের সভাপতি নজরুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ। এ কর্মসূচি বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।

সভায় জানানো হয়, কর্মসূচি সফল করতে চারা সংগ্রহ, উপযুক্ত প্রজাতির গাছ নির্বাচন, অঞ্চলভিত্তিক মাটির গুণাগুণ অনুযায়ী বৃক্ষ নির্ধারণ, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কার্যক্রমের সমন্বয় এবং সার্বিক মনিটরিং ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হবে।

স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সড়ক ও মহাসড়ক বিভাগসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার বৃক্ষরোপণ কার্যক্রম সেলের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, চলতি বছরের মধ্যে প্রথম ধাপে ৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি মাটির ধরন অনুযায়ী উপযুক্ত প্রজাতির গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন এবং টেকনিক্যাল কমিটির সুপারিশ বাস্তবায়নে বন অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, একই সঙ্গে বন উজাড় রোধেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী বনজ, ফলজ ও ওষধি গাছ রোপণ করা হবে।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক  প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ও টেকনিক্যাল এক্সপার্ট ড. মো. সাইমুম পারভেজ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নুরুল  ইসলাম এবং টেকনিক্যাল এক্সপার্ট জামাইল বশীর জেবি উপস্থিত ছিলেন।

এছাড়াও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক উপস্থিত ছিলেন।