শিরোনাম

ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা আগামী দিনে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম।
আজ সকালে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বাংলাদেশ ও কোইকার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণ, কৃষি সম্প্রসারণ ও টেকসই গ্রামীণ উন্নয়নের বিষয়ে নতুন প্রকল্প গ্রহণের সম্ভাবনা ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় কোইকা বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জুনসু কিম উপস্থিত ছিলেন।
আলোচনায় বাংলাদেশ ও কোইকার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা আগামী দিনে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাৎকালে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীনস্থ দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।