বাসস
  ০৬ মে ২০২৬, ১৭:২০

বাংলাদেশ ও চীনের গভীরতর সহযোগিতার অঙ্গীকার

পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান আজ বেইজিংয়ে চীনা গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)’র চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠক করেন। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ৬ মে, ২০২৬ (বাসস) : বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ ও চীন একটি সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানের চীন সফরকালে দুই দেশ এ অঙ্গীকার ব্যক্ত করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান আজ বেইজিংয়ে চীনা গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)’র চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে দুই পক্ষ ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করে এবং সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের আওতায় চলমান সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে।

তারা পারস্পরিক স্বার্থে বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।