শিরোনাম

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস): বিশ্ববাজারের চলমান অস্থিরতা এবং আমদানি ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশে সয়াবিন তেলের নতুন মূল্য কাঠামো ঘোষণা করেছে সরকার।
আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভা শেষে এ সিদ্ধান্ত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভোজ্যতেল পরিশোধনকারী ও আমদানিকারকদের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
নতুন মূল্য কাঠামো অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিন তেল (১ লিটার) ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা করা হয়েছে। এছাড়া, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক ভোজ্যতেল বাজারের অস্থিরতার কারণে এ মূল্য সমন্বয় জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, বাংলাদেশ সয়াবিন তেলের জন্য ব্যাপকভাবে আমদানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের মূল্য পরিবর্তন ও আমদানি ব্যয়ের ওঠানামার প্রভাব সরাসরি দেশের বাজারে পড়ে।
তিনি আরও বলেন, ব্যয় বৃদ্ধিজনিত আর্থিক চাপের কথা উল্লেখ করে রমজান মাস থেকেই পরিশোধনকারী ও আমদানিকারকরা মূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন।
শিল্প সংশ্লিষ্টরা সতর্ক করে বলেন, মূল্য সমন্বয় না হলে তারল্য সংকট দেখা দিতে পারে, যা আমদানি কার্যক্রম ব্যাহত করতে পারে এবং বিশেষ করে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে সরবরাহে অস্থিতিশীলতা তৈরি করতে পারে।
মুক্তাদির বলেন, বিশ্ববাজারের দামের প্রবণতা ও আমদানি-সংক্রান্ত ব্যয়ের বিস্তারিত পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা বেশি হারে মূল্যবৃদ্ধির প্রস্তাব দিলেও শিল্পের টিকে থাকা ও ভোক্তা সুরক্ষার মধ্যে ভারসাম্য রাখতে সরকার সীমিত পরিসরে মূল্য বাড়ানোর অনুমোদন দিয়েছে।
তিনি উল্লেখ করেন, এই মূল্য সংশোধনের মূল লক্ষ্য হলো ভোক্তাদের ওপর চাপ কমিয়ে দেশীয় বাজারে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য রাখা এবং স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির আলোকে এ মূল্য সমন্বয়ের প্রয়োজনীয়তা ভোক্তারা উপলব্ধি করবেন। একইসঙ্গে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।