বাসস
  ২২ এপ্রিল ২০২৬, ২২:০২

চিকিৎসকদের নিরাপত্তায় ৫শ’ হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আজ রাজধানীর শাহবাগে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী। ছবি: বাসস

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস): দেশের চিকিৎসকদের নিরাপত্তার জন্য প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য বড় হাসপাতালে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

আজ বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। 

অনুষ্ঠানে জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর লক্ষ্যে বিএমইউ এবং চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সাম্প্রতিক সময়ে কয়েকটি হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সরদার মো. সাখাওয়াত হোসেন।

টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে আগামী ছয় মাসের জন্য টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। যক্ষ্মাসহ কোনো ধরনের টিকার সংকট নেই। লোকবল সংকট নিরসনে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। 

সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বিশেষ করে গ্রামীণ পর্যায়ে সেবা সম্প্রসারণে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। এই সমঝোতা শুধু দুটি প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব নয়, বরং এটি স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা এবং সার্জিক্যাল উৎকর্ষতা বৃদ্ধিতে একটি যৌথ অঙ্গীকার।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা আরো জোরদার হবে। 

তিনি বলেন, চীন ইতোমধ্যে বাংলাদেশে রোবোটিক রিহ্যাবিলিটেশন ও কার্ডিওভাস্কুলার সেবাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সহায়তা করেছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটি ইউরোলজি বিষয়ের প্রফেসর লি জিয়ংমিং, কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির ডাইরেক্টর প্রফেসর লি ওয়েনলিয়াং, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর হি ইয়ংওয়েন প্রমুখ উপস্থিত ছিলেন।