শিরোনাম

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস): বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, আধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) ব্যবস্থা চালুর মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-কে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) সেন্টার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা গর্বের সঙ্গে একটি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা উদ্বোধন করছি, যা আমাদের আকাশসীমাকে আরও নিরাপদ, কার্যকর ও আন্তর্জাতিক মানসম্মত করে তুলবে।’
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী আফরোজা খানম বলেন, ১৯৮০ সালে কুর্মিটোলায় ঢাকার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের বিমান চলাচল খাতের ভিত্তি স্থাপন করেছিলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আরও বলেন, ‘আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে রূপান্তর করতে চাই। সবার সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ এ লক্ষ্য অর্জন করব।’
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নতুন এটিএম ব্যবস্থা ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমন্বয় বাড়ানো গেলে, বাংলাদেশ ধীরে ধীরে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আক্তার, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং থ্যালেস-এর ভাইস প্রেসিডেন্ট নিকোলাস বুভেরোসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।