বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১৮:৩৬

কৃষিমন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি: পিআইডি

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস): ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা দুই দেশের কৃষি, প্রাণিসম্পদ খাত নিয়ে আলোচনা করেছেন।

মন্ত্রী বলেন, কানাডা বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। দুই দেশের মধ্যে চমৎকার বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ কানাডা থেকে নিয়মিত সার আমদানি করছে। বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদখাতে কারিগরি সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন। এ বিষয়ে কানাডার যে কোনো সহযোগিতাকে বাংলাদেশ স্বাগত জানাবে।

বাংলাদেশের অর্গানিক কৃষির সম্ভাবনা নিয়ে মন্ত্রী হাইকমিশনারকে জানান, দেশের মাটি ও আবহাওয়া উন্নত ও গুণগত মানসম্পন্ন যা কৃষির জন্য উপযোগী। সরকার দেশের চরাঞ্চলে রপ্তানিমুখী কৃষি উৎপাদনের পরিকল্পনা করছে। কানাডার বেসরকারি পর্যায়ে যে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে এ বিষয়ে কাজ করতে চাইলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।

হাইকমিশনার বলেন, কানাডার কৃষি অনেক সমৃদ্ধ, দেশের বিশাল অংশ জুড়ে কৃষিপণ্য উৎপাদিত হয়। বাংলাদেশে তেল জাতীয় শস্য-ক্যানোলা রপ্তানিতে করতে তার দেশ আগ্রহী বলে হাইকমিশনার জানান। বাংলাদেশের কৃষির সাথে কানাডার গভীর সম্পর্ক রয়েছে উল্লেখ করে হাইকমিশনার অজিত সিং বলেন, কৃষি প্রযুক্তি, গবেষণা, কারিগরী সহযোগিতা, পশু উৎপাদন ও পরিচর্যা সম্পর্কিত যে কোনো বিষয়ে তার দেশ সবসময় সহযোগিতা করতে আগ্রহী।